মির্জাপুরে ৫৪টি কমিউনিটি ক্লিনিকে বিদ্যুৎ নেই
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৫৪টি কমিউনিটি ক্লিনিকে বিদ্যুৎ-সংযোগ নেই। এতে চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। তবে মা ও শিশুদের সমস্যা বেশি হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কয়েকটি কমিউনিটি ক্লিনিক সূত্রে জানা গেছে, মির্জাপুর পৌরসভা ও ১৪টি ইউনিয়নে চিকিৎসাসেবা দিতে সরকার ২০১১ সালে উপজেলার বিভিন্ন স্থানে ৫৪টি কমিউনিটি ক্লিনিক চালু করে। সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়া হয়ে থাকে। প্রতিদিন গড়ে ৩০-৩৫ জন রোগী এসব ক্লিনিকে এসে সেবা নেন। কিন্তু বিদ্যুৎ-সংযোগ না থাকায় ক্লিনিকগুলোতে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) ঠিকমতো চিকিৎসাসেবা দিতে পারছেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম আহমেদ জানান, দ্রুত বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য ক্লিনিকগুলোর একটি তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।
মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রিংকু সাহা জানান, বিদ্যুৎ না থাকায় বৃষ্টির সময় কক্ষ অন্ধকার হয়ে যায়। এতে রোগীদের চিকিৎসাসেবা দিতে বিঘ্ন ঘটে। এ ছাড়া গরমের সময় সেবা নিতে আসা রোগীদেরও কষ্ট হয়। বাওয়ার কুমারজানি গ্রামের ফরহাদ হোসেন ফটিক বলেন, ওই ক্লিনিকের মাত্র ৩৫ ফুট দূরেই বিদ্যুতের খুঁটি। অথচ ওই ক্লিনিকে বিদ্যুৎ-সংযোগ নেই।
উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা ফরিদ মিয়া বলেন, গত বৃহস্পতিবার তাঁর এক আত্মীয়কে নিয়ে তিনি ওই কমিউনিটি ক্লিনিকে গিয়েছিলেন। ওই দিন ছিল মেঘলা আকাশ। এ কারণে ক্লিনিকে বিদ্যুৎ না থাকায় অন্ধকারেই তাঁদের চিকিৎসা করাতে হয়।
উপজেলার ডুকলাহাটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মাহফুজুর রহমান জানান, তিনি ওই ক্লিনিকে ডায়াবেটিকস রোগ, ঠান্ডা, জ্বর, মাথাব্যথা, পাঁচ বছরের নিচে শিশুদের পুষ্টিবিষয়ক সেবা, নমুনা দেখে রোগের যক্ষ্মা পরামর্শসহ নানা ধরনের প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে থাকেন। কিন্তু বিদ্যুৎ না থাকায় বিশেষ করে আকাশ মেঘলা হলে ক্লিনিকের কক্ষ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এ কারণে রোগীদের সেবা দেওয়া যায় না।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, বিদ্যুতের সংযোগ পেতে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে অনেক আগেই লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সংযোগ পাওয়া যাচ্ছে না। এতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
মির্জাপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডিজিএম সুশান্ত কুমার রায় বলেন, আবেদনগুলোর বিষয়ে খোঁজ নিয়ে ক্লিনিকগুলোতে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।