মির্জাপুরে ‘গুম’ হওয়া গৃহবধূ তিন বছর পর জীবিত উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ‘গুম’ হওয়ার তিন বছর পর ফরিদা আক্তার (২৩) নামের এক গৃহবধূকে জীবিত উদ্ধার করছে পুলিশ। উপজেলার গোড়াই ইউনিয়নের কলিমাজানি গ্রাম থেকে গতকাল সোমবার তাঁকে উদ্ধার করা হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, ২০০৩ সালে উপজেলার কলিমাজানি গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে হাকিম উদ্দিনের সঙ্গে একই উপজেলার আজগানা ইউনিয়নের মজিদপুর গ্রামের সিদ্দিক সিকদারের মেয়ে ফরিদার বিয়ে হয়। বিয়ের দেড় মাস পর হাকিম সৌদি আরব যান। এরই মধ্যে ফরিদা ২০০৯ সালে নিখোঁজ হন। এ খবর পাওয়ার পর হাকিম দেশে ফিরে আসেন। পরে মেয়েকে গুমের অভিযোগে সিদ্দিক বাদী হয়ে হাকিমের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় হাকিম চার মাস কারাভোগও করেন। এদিকে কুষ্টিয়া কাজী অফিস থেকে হাকিমের নামে তালাকনামা পাঠান ফরিদা। কিন্তু সিদ্দিক উল্টো গত ১৩ সেপ্টেম্বর টাঙ্গাইল নির্বাহী হাকিম আদালতে হাকিমের বাড়িতে ফরিদাকে আটকিয়ে রাখা হয়েছে বলে পুনরায় আরও একটি মামলা করেন। আদালত পুলিশের ওপর ফরিদাকে উদ্ধারের নির্দেশ জারি করেন। গতকাল বেলা ১১টার দিকে ফরিদাকে হাকিমের বাড়ি থেকে উদ্ধার করা হয়। তবে গোড়াই ইউনিয়নের কলিমাজানি গ্রামের সাবেক ইউপি সদস্য ময়নাল হোসেন, ব্যবসায়ী হাসিম মিয়া ও আজিজ মিয়াসহ অনেকেই অভিযোগ করে বলেন, ফরিদা গতকাল সকালে হাকিমের বাড়িতে যান। তাঁর কিছুক্ষণ পরই পুলিশ গিয়ে ফরিদাকে নিয়ে আসে। হাকিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ফরিদার বাবার গুমের মামলায় তিনি চার মাস কারাভোগ করেছেন। এখন আবারও আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’ মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ‘আমি আদালতের নির্দেশ পালন করেছি। ফরিদার বাবা হাকিমের বিরুদ্ধে গুমের মামলা করেছিল কি না তা আমার জানা নেই।’