মির্জাপুরের স্টেডিয়াম ভবন ঝুঁকিপূর্ণ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার একমাত্র স্টেডিয়াম ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অবস্থা এতটাই শোচনীয় যে সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ে। এ অবস্থায় স্থানীয় লোকজন এখানে কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারছেন না।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ঢাকা বিভাগীয় উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১৯৭৯ সালে উপজেলা সদরের কলেজ রোডে দুইতলা ওই ভবনটি নির্মাণ করা হয়। এ ভবনে মোট পাঁচটি কক্ষ আছে। শুরুতে এ ভবনেই উপজেলার সব ক্রীড়ানুষ্ঠান আয়োজন করা হতো। এ ছাড়া স্টেডিয়ামের সামনে অবস্থিত মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয়ের সব অনুষ্ঠান এই স্টেডিয়ামের সামনের মাঠে অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠান এই ভবন থেকে পরিচালনা করা হয়। ভবন নির্মাণের ১১ বছরের মাথায় ৯০-এর দশকের শুরুতে ভবনটির ছাদ থেকে পলেস্তারা খসে পড়তে শুরু করে। সে সময় সংস্কারকাজ করে ভবনটিতে কার্যক্রম চালানোর উপযোগী করা হয়। সবশেষ দুই বছর আগে ভবনটির সংস্কারকাজ করা হয়। বর্তমানে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এরপরও নিচতলার দুটি কক্ষে রয়েছে স্থানীয় দুটি সংগঠনের কার্যালয়। অন্য একটি কক্ষ আর দ্বিতীয় তলায় ক্রীড়ামোদীরা বসে নিয়মিত আড্ডা দেন।
গত ১৯ জুলাই সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানি ভবনের ছাদ চুইয়ে পড়ছে। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। ভবনের কোনো কোনো স্থানে আগাছা জন্ম নিয়েছে। ভবনের কোনো কোনো স্থানে শেওলা পড়ে গেছে। দরজা-জানালাও ভাঙা। এ সময় সেখানে বসে থাকা ক্রীড়ামোদী আবদুল জলিল বলেন, আড্ডার ভালো কোনো স্থান না থাকায় তাঁরা এখানেই নিয়মিত বসেন।
ভবনটি দেখভালের কাজে নিয়োজিত পিয়ন জীবন চন্দ্র দাস বলেন, ‘রোববার বৃষ্টি হওয়ায় সারা দিনে কমপক্ষে ১০ বার ঝাড়ু দিয়ে দ্বিতীয় তলা থেকে পানি বের করা হয়েছে।’
উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মোফাজ্জল হোসেন বলেন, অন্য কোনো ভবন বা বসার জায়গা না থাকায় ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও মনের টানে ক্রীড়ামোদীরা সেখানে আড্ডা দেন। তবে দুর্ঘটনার আশঙ্কায় আকাশে মেঘ দেখলেই তাঁরা সেখান থেকে সরে আসেন। ভবনটি ভেঙে নতুন করে আরেকটি ভবন করা খুবই জরুরি। তা না হলে ক্রীড়া সরঞ্জাম রাখা বা ক্রীড়ামোদীদের আড্ডা দেওয়ার জায়গার অভাবে মির্জাপুরে ক্রীড়াঙ্গনে ব্যাপক ক্ষতি হবে।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম আহাম্মেদ বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ কি না, তা জানতে প্রকৌশলীদের পরামর্শ নেওয়া হবে। এরপর যা করার তা করা হবে।