ঘূর্ণিঝড় মোরার আঘাত হানার ২৪ ঘণ্টা পরও বান্দরবানের পাঁচ উপজেলার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কিছু এলাকায় বিচ্ছিন্ন আছে মুঠোফোন নেটওয়ার্কও। জেলা প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঝড়ে প্রায় ৫ হাজার পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত ও ১০ হাজার ২৫৮টি পরিবারের আংশিক ক্ষতি হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলার মধ্যে সবচেয়ে বেশিÿক্ষয়-ক্ষতি হয়েছে নাইক্ষ্যংছড়ি, লামা ও আলীকদমে। জেলায় যেসব পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে সেসব পরিবারকে সম্পূর্ণ ও অন্যদের আংশিক ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
জেলার ভারপ্রাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, উপজেলাগুলোতে বিদ্যুৎ না থাকায় মুঠোফোন নেটওয়ার্কও ঠিকভাবে কাজ করছে না। এ জন্য তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির প্রতিবেদন পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে পাওয়া তথ্য থেকে প্রকৃতÿক্ষয়-ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে।
লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খিন ওয়ান নু বলেন, লামায় বিদ্যুৎ নেই। ঝড়ের পর মুঠোফোনের নেটওয়ার্ক ঠিকমতো কাজ করছে না। তবে প্রথমিক তদন্তে ২ হাজার ৫৫০টি পরিবারের ঘরবাড়ি পুরোপুরি ও প্রায় ৪ হাজার পরিবারের আংশিক ক্ষতি হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা ইউএনও এস এম সারোয়ার কামালও বিদ্যুৎ ও মুঠোফোন নেটওয়ার্ক বিপর্যয়ের কথা জানান। তিনি বলেন, তাঁর উপজেলায় ঘুনধুম, বাইশারি ও সোনাইছড়ি ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘুনধুম ইউনিয়ন পরিষদের কার্যালয়ের টিনের চালাও উড়িয়ে নিয়ে গেছে। প্রাথমিক তদন্তে উপজেলার ১ হাজার পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ ও ৩ হাজার পরিবারের ঘরবাড়ি আংশিক ক্ষতি হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এখনো ক্ষয়-ক্ষতি নিরূপণ করা হচ্ছে।
মুঠোফোন নেটওয়ার্কের সমস্যার কারণে আলীকদম উপজেলার ক্ষয়ক্ষতির তালিকা করতে বিলম্ব হচ্ছে বলে জানান উপজেলা চেয়ারম্যান আবুল কালাম।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের দেওয়া তথ্য মতে, ঝড়ের পর জেলার থানচি ও রুমা উপজেলায়ও বিদ্যুৎ-সংযোগ এখনো স্বাভাবিক হয়নি। তবে কার্যালয়ে ওই সব উপজেলার ক্ষয়-ক্ষতির প্রাথমিক প্রতিবেদন এসেছে। প্রতিবেদন অনুযায়ী, থানচিতে ১৫০টি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত ও ৮৫০টি পরিবারের ঘরবাড়ির আংশিকÿক্ষতি হয়েছে। রুমায় ৫৮৯টি পরিবারের ঘরের চালা উড়ে গেছে। পাশাপাশি ঘরবাড়ি, ফসল ও ফলের বাগানেরÿক্ষতি হয়েছে ১ হাজার ৩৩৫টি পরিবারের। রোয়াংছড়ি উপজেলায় পাঁচটি প্রাথমিক বিদ্যালয় বিধ্বস্ত হয়েছে। এই উপজেলার ছয় শ ১৩টি পরিবার সম্পূর্ণ ও ১ হাজার ৭৩টি পরিবার আংশিক ক্ষতির শিকার হয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলতাফ হোসেন বলেন, ঝড়ের কারণে ফলদ বাগানের বিশেষ করে আম, কাঁঠাল, কলা বাগানের ব্যাপকÿক্ষতি হয়েছে। এ বছর এমনিতে আমের ফলন ২৫ শতাংশ কম হয়েছে, সেই কম ফলনের আরও ২৫ শতাংশ আম ঘূর্ণিঝড়ে ঝরে পড়ে গেছে। ঝোড়োবাতাস যেদিকে গেছে, কলা বাগান সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে শেষ করে গেছে।
এদিকে, জেলায় জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য মজুত খাদ্যশস্য থেকে লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ির জন্য ৩০ টন ও অন্য চার উপজেলায় ২০ টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জনান জেলার ভারপ্রাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মাকসুদ চৌধুরী জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য ১০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।