মিলছে না মুঠোফোনে জরুরি স্বাস্থ্যসেবা
সারা দেশের মতো সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০০৯ সালের মে মাসে মুঠোফোনে (০১৭৩০৩২৪৭২০) জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছে। কিন্তু প্রচারের অভাবে এখনো এ স্বাস্থ্যসেবা সম্পর্কে জানেন না কেউ। এমনকি জনপ্রতিনিধিরাও ওই মুঠোফোন নম্বরটি জানেন না।
গত বৃহস্পতিবার খোঁজ নিয়ে জানা যায়, মুঠোফোনটি এখন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে রয়েছে। সারা দিনে অনেকবার মুঠোফোনটিতে কথা বলার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। অপর প্রান্ত থেকে বলা হয়, ‘এটি বন্ধ রয়েছে।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহেদুল ইসলাম ছুটিতে রয়েছেন। এ ব্যাপারে কথা বলার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, মুঠোফোন নম্বরটি জনগুরুত্বপূর্ণ স্থানে প্রচার ও প্রদর্শন করার কথা। জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা মাধ্যমে নম্বরটি জনসাধারণকে জানাতে বলা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচার বা প্রদর্শনে উদ্যোগী না হওয়ায় মুঠোফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রম কার্যকর হয়নি।
ধানগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান বলেন, ‘এ ধরনের আলাদা কোনো নম্বর আছে, তা আমার জানা নেই। তবে জরুরি প্রয়োজনে হাসপাতালের পরিচিত চিকিৎসকের ব্যক্তিগত মুঠোফোনে কথা বলি।’
রায়গঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, ‘মুঠোফোনে স্বাস্থ্যসেবার কথা কখনো শুনিনি, কেউ বলেওনি।’ তিনি আরও বলেন, ‘সচেতন মানুষের একজন হয়েও আমি বিষয়টি জানি না, তাহলে সাধারণ মানুষ জানবে কীভাবে?’
উপজেলার ধানগড়া মহিলা কলেজের প্রভাষক ফরিদুল ইসলাম বলেন, ‘হাসপাতালের কাছাকাছি গ্রামের মানুষ হয়েও এ ধরনের সেবার কথা জানি না। আসলে বিষয়টি জানার কোনো ব্যবস্থা কর্তৃপক্ষ করেনি।’
রায়গঞ্জ বাজারের আনসার আলী, আবুল কালাম আজাদ, ধানগড়া এলাকার শহিদুল ইসলাম, আশাদুল আলম, মিজানুর রহমানসহ অনেকেই বলেন, তাঁরা ওই সেবা সম্পর্কে কিছু জানেন না।
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, মুঠোফোনটি আগে জরুরি বিভাগে থাকলেও বর্তমানে সেটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আমিমুল এহসান তৌহিদ বলেন, ওই মুঠোফোনটিতে কেউ ফোন না করলেও ব্যক্তিগত নম্বরে ফোন করে অনেকেই জরুরি স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন।
এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক বলেন, ‘খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মুঠোফোন নম্বরটি সর্বসাধারণকে জানানোর পদক্ষেপও নেওয়া হবে।’