বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গাজীপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ এ কে এম ফজলুল হক মিলন তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী অধ্যাপক এম এ মান্নানকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শিল্পপতি কাজী সায়েদুল আলম বাবুল।গাজীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের অনুসারীরা মনে করছেন, কেন্দ্রীয় ও জেলাপর্যায়ে দলের কোন্দলের শিকারে পরিণত হয়েছেন তিনি। তাঁদের মতে, দুই দশক ধরে কেন্দ্রীয় নেতা হান্নান শাহ, চৌধুরী তানবীর আহমদ সিদ্দিকী (বর্তমানে বহিষ্কৃত), হাসান উদ্দিন সরকার ও ফজলুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে অধ্যাপক মান্নান তৃণমূল পর্যায়ে জনপ্রিয় হওয়া সত্ত্বেও দলে কোণঠাসা হয়ে পড়েন। সর্বশেষ ফজলুল হকের কাছে সভাপতি পদ হারালেন তিনি। ১০ আগস্ট রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিলরদের ভোটে এই দুই নেতা নির্বাচিত হয়েছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। গাজীপুর জেলার নয়টি সাংগঠনিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ৩৫ জন কাউন্সিলর গোপন ব্যালটে নেতা নির্বাচিত করেন। চেয়ারপারসনের সম্মতি নিয়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গতকাল শনিবার নতুন কমিটির অনুমোদন দেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।বিএনপির সূত্র জানায়, গত বছরের নভেম্বরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়। এতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহকে আহ্বায়ক এবং অধ্যাপক এম এ মান্নান, হাসান উদ্দিন সরকার, ফজলুল হকসহ ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।