মিলন হত্যা: মামলার বাদী ও তদন্ত কর্মকর্তাকে তলব

নোয়াখালীর কোম্পানীগঞ্জের কিশোর শামছুদ্দিন মিলন হত্যা মামলার বাদী ও তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সমরেশ কুমার শীল এ আদেশ দেন।
আগামী ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী ধার্য তারিখে ওই দুজনকে হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে মামলার সিডি (কেস ডায়েরি) নথি তলব করেছেন আদালত।
আজ এই মামলার ধার্য তারিখ ছিল। তদন্ত কর্মকর্তার দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন এদিন আদালতে উপস্থাপন করা হয়। পরে আদেশ দেন আদালত।
আদালতের আদেশের বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতের সরকারি আইন কর্মকর্তা (পিপি) এ টি এম মহিব উল্যাহ বলেন, ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ। এদিন আদালতে মামলা প্রত্যাহারে বাদীর আবেদন এবং তদন্ত কর্মকর্তার দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানি হবে। শুনানি শেষে আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করতে পারেন বা তা গ্রহণ না করে মামলা পুনরায় তদন্ত করার আদেশ দিতে পারেন। এ বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত।
২০১১ সালের ২৭ জুলাই কোম্পানীগঞ্জের চর কাঁকড়া ইউনিয়নের নিরীহ কিশোর মিলনকে (১৬) ডাকাত সাজিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ গাড়িতে করে এনে উন্মত্ত জনতার হাতে এই কিশোরকে ছেড়ে দেয়। সেখানে পুলিশের উপস্থিতিতেই তাকে পিটিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের গাড়ি থেকে তাকে নামিয়ে দেওয়াসহ পুরো ঘটনাটির ভিডিওচিত্র প্রকাশিত হলে স্তম্ভিত হয়ে পড়ে প্রশাসনসহ সাধারণ মানুষ।
বিচার মাটিচাপা দিল পুলিশ
ঘটনার পর ২০১১ সালের ৩ আগস্ট মিলনের মা কোহিনুর বেগম বাদী হয়ে নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতে একটি মামলা করেন। আদালতের নির্দেশে ৮ আগস্ট কোম্পানীগঞ্জ থানায় মামলাটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়। প্রথমে মামলাটি তদন্ত করে স্থানীয় থানার পুলিশ। পরে মামলার তদন্তভার পায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবির একাধিক কর্মকর্তা মামলাটি তদন্ত করেন।
মামলাটির সর্বশেষ তদন্ত কর্মকর্তা নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো. আতাউর রহমান ভূঁইয়া চলতি মাসের প্রথম সপ্তাহে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের ২ নম্বর আমলি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এতে বাদীর মামলা না চালানোর আবেদনের বরাত রয়েছে। এ নিয়ে ২৭ জুলাই প্রথম আলোয় ‘বিচার মাটিচাপা দিল পুলিশ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয়। এরপর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।