মিলনমেলায় সহপাঠী হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়োজনটা ছিল মেধাবীদের মিলনমেলা। সেই মিলনমেলায় এসে মেধাবী এক সহপাঠীর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ফেটে পড়ল বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা।
বিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্বসাহিত্য কেন্দ্রের মানসিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় এবং চ্যানেল আইয়ের সহযোগিতায় বগুড়ার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে দুই দিনব্যাপী মেধাবী সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার শেষ দিনে গত বছর বিদ্যালয় থেকে পিএসসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭২৬ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। গতবারের এসএসসিতে বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া রিফা তাসফিয়া তুবা নামে এক শিক্ষার্থীরও অন্যদের সঙ্গে এই অনুষ্ঠানে সম্মাননা স্মারক গ্রহণ করার কথা ছিল। কিন্তু গত ২৭ সেপ্টেম্বর শহরতলীর ছাতিয়ানতলা এলাকায় বেড়াতে গিয়ে দুর্বৃত্তদের হাতে খুন হয় তুবা। তাই ওই অনুষ্ঠানে যোগ দিতে এসে তার সহপাঠীরা তুবা হত্যার প্রতিবাদে গতকাল মানববন্ধন ও সমাবেশ করে। মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন, মুক্তিযোদ্ধা আরশাদ সায়ীদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক শ্যালম ভট্টাচার্য ছাড়াও শিক্ষক-অভিভাবকেরা মানববন্ধনে অংশ নেন।
প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন বলেন, ‘সংবর্ধনা উপলক্ষে মেধাবীদের বিশাল সমাবেশ ঘটেছিল বিদ্যালয় চত্বরে। মেধাবীদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল অনুষ্ঠানস্থলে। তবে আনন্দ-উচ্ছ্বাস করতে আসা মেধাবীরা বারবার খুঁজে ফিরেছে গতবারের এসএসসিতে বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া তুবাকে। তাই ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে আনন্দ-উচ্ছ্বাস করতে মেয়েরা বিদ্যালয়ের সামনে সার্কিট হাউস সড়কে মানববন্ধন করে।’
বগুড়া শহরের সবুজবাগ এলাকার কলেজশিক্ষক আবদুর রউফের মেয়ে তুবার হত্যার পর তার বাবা বাদী হয়ে রেলওয়ে বোনারপাড়া জিআরপি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এখনো খুনিদের গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে মেধাবী তুবা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শহরের সাতমাথায় শনিবার যৌথভাবে মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা কমিটির আহ্বায়ক দিলরুবা নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রফ্রন্টের শ্যামল বর্মণ, রাধা রানী বর্মণ প্রমুখ।