চাঁদপুরের কচুয়া ও ফেনীর সোনাগাজীতে বিএনপি, ছাত্রদল ও যুবদলের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে চারটি মামলা করেছে পুলিশ। এর মধ্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনও রয়েছেন।
কচুয়া উপজেলা বিএনপির ডাকে গত শনিবার সকাল-সন্ধ্যা হরতাল চলার সময় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধের অভিযোগে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। অন্যদিকে একই দিন বিকেলে সোনাগাজীতে পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদল-যুবদলের ১৭৬ নেতা-কর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন গতকাল বলেন, থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান মিয়া, মো. জহির হোসেন ও মো. বাতেন বাদী হয়ে মামলা তিনটি করেছেন। এসব মামলায় উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের প্রায় দেড় হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। সব মামলাতেই সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে আসামি করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার দেখিয়ে এরই মধ্যে আদালতে পাঠানো হয়েছে।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় কচুয়া উপজেলা বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেন দুলাল (৩৫) মারা যান। তাঁকে নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ তুলে স্থানীয় বিএনপি শনিবার হরতাল ডাকে। হরতালে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ ঘটে। এ সময় পুলিশ পাঁচজনকে আটক করে। এদিকে পুলিশ দাবি করেছে, সোনাগাজীতে শনিবার বিকেলে ছাত্রদল ও যুবদলের একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় স্থানীয় থানার ওসিসহ আট পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় এসআই মো. শাহ কামাল বাদী হয়ে একটি মামলা করেছেন।
ওই মামলায় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভূঁঞা, পৌর যুবদলের সভাপতি সিরাজুল হক, যুবদল নেতা এনামুল হক, মেজবাহউদ্দিন, নিজামউদ্দিন, জসিমউদ্দিন, মো. আবদুল্লাহ, মো. জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, মহিউদ্দিনসহ ছাত্রদল-যুবদলের ১০৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করা হয়েছে। যুবদলের চার কর্মীকে গ্রেপ্তার করে গতকাল রোববার তাঁদের ফেনীর বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।