মিলনায়তন আছে, ব্যবহার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় এই হাল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের মিলনায়তনের l প্রথম আলো
দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় এই হাল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের মিলনায়তনের l প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের মিলনায়তনগুলো অব্যবহৃত পড়ে আছে। হলকেন্দ্রিক তেমন কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড না থাকায় ব্যবহারের প্রয়োজন পড়ে না এই মিলনায়তনগুলো। হল কর্তৃপক্ষও নিজেদের অনুষ্ঠানের জন্য মিলনায়তন ব্যবহার করে না।
হলের সাংস্কৃতিক কর্মকাণ্ড বিস্তৃতির উদ্দেশ্যে যে মিলনায়তন তৈরি করা হয়েছিল, সেই সাংস্কৃতিক বলয়ও ভেঙে পড়েছে।
মিলনায়তনগুলো পরিণত হয়েছে হলের চতুর্থ শ্রেণির কর্মচারী, দোকানদার ও ক্যানটিন বয়দের আবাসস্থলে। জীবনের ঝুঁকি নিয়ে সেখানে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা।
হল প্রাধ্যক্ষদের সঙ্গে কথা বলে জানা যায়, মিলনায়তনগুলো এখন ব্যবহারের অনুপযোগী। অগোছালো পরিবেশ আর দীর্ঘদিন সংস্কার না করায় তাঁদের কাছে ঝুঁকিপূর্ণ এসব মিলনায়তনের কোনো কার্যকারিতা নেই। মাঠ কিংবা টেলিভিশন কক্ষেই আনুষ্ঠানিকতা সারতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাঁরা। শিক্ষার্থীদের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোও এখন মিলনায়তনকেন্দ্রিক অনুষ্ঠান করে না।
তবু এসব ঝুঁকিপূর্ণ স্থান হলের চতুর্থ শ্রেণির কর্মচারী, দোকানমালিক ও ক্যানটিন বয়দের থাকার জন্য ব্যবহৃত হচ্ছে। হাজী মুহম্মদ মুহসীন হলের এক ঝাড়ুদার জানান, হলের প্রাধ্যক্ষই ‘মানবিক’ কারণে তাঁদের থাকতে দিয়েছেন। কিন্তু সেখানে অপরিচ্ছন্ন ও অন্ধকারাচ্ছন্ন পরিবেশে ‘অমানবিকভাবে’ সপরিবারে বাস করছেন।
গত বছরের জুন মাসে এই হলটির টেলিভিশন কক্ষের ছাদের একটি অংশ ভেঙে পড়ার পর মন্ত্রণালয়ে চিঠি চালাচালি করে চারটি হলের ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারকাজ বাবদ ১০ কোটি টাকা বরাদ্দ পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই অর্থে ঝুঁকিপূর্ণ মিলনায়তনগুলো সংস্কার করা হচ্ছে না বলেই আভাস পাওয়া গেছে।
সম্প্রতি রাত সাড়ে ১২টার দিকে মুহসীন হলের মিলনায়তনে গিয়ে দেখা যায়, সারি সারি বিছানা পেতে ১৫-২০ জন দোকান কর্মচারী আর ক্যানটিন বয় ঘুমিয়ে আছেন। মিলনায়তনের মাঝখানে একটি টেবিল টেনিস বোর্ড আর দুটি ক্যারম বোর্ড রাখা। আর পুরো মিলনায়তনজুড়ে নোংরা আবর্জনা, যেন উদ্বাস্তু শিবির। এরা ছাড়াও হার্ডবোর্ডের ছোট ছোট ঘর বানিয়ে নিচতলা-দোতলা মিলিয়ে অন্তত ১০টি পরিবার বাস করে এখানে।
মাস্টারদা সূর্য সেন হলের মিলনায়তনেরও একই অবস্থা। বাড়তি হিসেবে সাইকেল রাখার স্থান হিসেবে ব্যবহৃত হয় এই মিলনায়তন। এখানেও হলের চতুর্থ শ্রেণির কর্মচারীসহ ১০-১২টি পরিবার বাস করে। বেশ কয়েক বছর ধরে হলটিতে যেসব অনুষ্ঠান হচ্ছে, তার সবগুলোই ভেতরের মাঠে আয়োজন করেছে হল কর্তৃপক্ষ। হলের মাঠে আলাদা করে স্টেজ-প্যান্ডেল তৈরি করে তাঁদের অনুষ্ঠান করতে হয়। শিক্ষার্থীরা বলছেন, এভাবে বাড়তি টাকা খরচ করে প্যান্ডেল করে অনুষ্ঠান করার চাইতে যেটা আছে তার সংস্কার করে সঠিক ব্যবহার করতে পারলে সাশ্রয় হতো।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মিলনায়তনে বেশ কিছু অনুষ্ঠান হতে দেখা যায়। তবে সারা বছর এই কক্ষটি ব্যবহৃত হয় টেলিভিশন কক্ষ হিসেবে। মিলনায়তনে আসন সংকট, ভাঙা দরজা-জানালা, ফ্যানের বাজে অবস্থা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে হলের শিক্ষার্থীদের। প্রথম বর্ষের অনেক শিক্ষার্থীকে মিলনায়তনের চেয়ার ও সোফায় শুয়ে রাত কাটাতে দেখা যায়।
সলিমুল্লাহ মুসলিম হলের বিশাল মিলনায়তনটিকেও টেলিভিশন কক্ষ ছাড়া আর কোনো কাজে ব্যবহার করা হয় না। আসন সংকট, ঝুঁকিপূর্ণ অবস্থা ও দেখভালের অভাবে আকর্ষণ হারাচ্ছে মিলনায়তনটি।
অন্য হলগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, কর্তৃপক্ষ টেলিভিশন কক্ষ বা পাঠকক্ষকে মাঝে মাঝে অনুষ্ঠানের জন্য ব্যবহার করে। আবাসিক হলের মিলনায়তন ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তন, ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তন, আর সি মজুমদার মিলনায়তন, ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তন, সামাজিক বিজ্ঞান অনুষদ মিলনায়তনসহ বিভিন্ন মিলনায়তন রয়েছে। হলের অনুষ্ঠানও এসব মিলনায়তনে হতে দেখা যায়।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন প্রথম আলোকে বলেন, ‘সব হলেই মিলনায়তন নেই, আর সবগুলোর অবস্থাও খারাপ নয়। বিশেষ করে মেয়েদের হলের মিলনায়তনের কোনো সমস্যা নেই। সম্প্রতি আমরা হলের পুরাতন দালানকোঠা সংস্কার কাজের জন্য আলাদা করে উন্নয়ন খাতে টাকা বরাদ্দ পেয়েছি। সেই অর্থ দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নকাজ করা হবে, এর মধ্যে প্রয়োজন সাপেক্ষে হলের মিলনায়তন সংস্কারও হতে পারে।’