২৫ হাজার শিক্ষার্থীর জন্য রংপুরের কারমাইকেল কলেজে নেই কোনো মিলনায়তন। ২০০৬ সালে এক হাজার আসনবিশিষ্ট মিলনায়তন ও গ্রন্থাগার ভবনের নির্মাণকাজ শুরু করা হলেও শুধু গ্রন্থাগারের অংশটুকু নির্মাণ করা হয়েছে।
ওই প্রকল্পে প্রথম দফায় দুই কোটি চার লাখ টাকা ব্যয়ে দরপত্রে মিলনায়তন নির্মাণের কথা উল্লেখ থাকলেও পরে ২০১০ সালে দুই কোটি ১২ লাখ টাকা ব্যয়ে শুধু গ্রন্থাগার হলো। কিন্তু আগের দরপত্র অনুযায়ী ৭৯ লাখ টাকা ব্যয়ও হয়েছে। ভবনের মিলনায়তন নির্মাণ ছাড়াই ব্যয় হয়ে গেল দুই কোটি ৯১ লাখ টাকা। যেখানে দুই কোটি চার লাখ টাকা ব্যয়ে গ্রন্থাগারসহ মিলনায়তন নির্মাণ হওয়ার কথা ছিল।
রংপুর শিক্ষা ও প্রকৌশল বিভাগ জানায়, দুই কোটি চার লাখ টাকা ব্যয়ে ২০০৬ সালে রংপুর কারমাইকেল কলেজে এক হাজার আসনবিশিষ্ট মিলনায়তন ভবনের নির্মাণকাজ শুরু করা হয়। যার নিচতলায় হবে গ্রন্থাগার। দোতলা ও তিনতলা মিলে হবে মিলনায়তন। দরপত্র অনুযায়ী এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল মেসার্স খন্দকার বিজনেস ইন্টারন্যাশনাল। এই ভবন নির্মাণ করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের শেষ সময় ছিল ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে। কিন্তু ওই একই বছর জানুয়ারি মাসে দেশে নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ার কারণে ঠিকাদার এই কাজ করতে অপারগতা প্রকাশ করে কাজ বন্ধ করে দেন। ঠিকাদারের এই আবেদনের পরিপ্রেক্ষিতে ওই ভবন নির্মাণে মোট ব্যয়ের ৭৯ লাখ টাকা ঠিকাদারকে দেওয়া হয়।
প্রথম নির্মাণকাজের ঠিকাদার ফারুকুজ্জামান জানান, ‘দরপত্র অনুযায়ী নির্মাণকাজের কার্যাদেশ পাওয়ার পর নির্মাণসামগ্রীর দাম বেড়ে গেলে এই কাজ করতে অপারগতা প্রকাশ করি। যতটুকু কাজ করেছি এর সমতুল্য ৭৯ লাখ টাকা আমাকে দেওয়া হয়েছে।’
এরপর ২০১০ সালে নতুন করে দুই কোটি ১২ লাখ টাকা ব্যয়ে আবারও দরপত্র আহ্বান করা হয়। কিন্তু দ্বিতীয় দফায় দরপত্রে নিচতলায় শুধু গ্রন্থাগারের কথা বলা হয়। দরপত্র অনুযায়ী মেসার্স হাসান এন্টারপ্রাইজের নির্মাণকাজ শেষ করে এটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বুঝেও দিয়েছে।
শিক্ষক-শিক্ষার্থীরা জানান, তাঁদের অনেক আশা ছিল একটি মিলনায়তন হবে। ক্লাস বন্ধ করে আর অনুষ্ঠান করতে হবে না। কিন্তু তাঁদের সেই স্বপ্ন আর পূরণ হলো না। তাঁরা দাবি জানিয়েছেন, মিলনায়তন নির্মাণের।
নির্মাণ কাজের দায়িত্বে থাকা রংপুর শিক্ষা ও প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী রওশন আলী বলেন, প্রথম দফা দরপত্রে ওই সময় নির্মাণসামগ্রীর মূল্য হঠাৎ বেড়ে যাওয়ায় ঠিকাদার দরপত্রের দর অনুযায়ী কাজ করতে পারবেন না বলে জানিয়ে দেন। এরপর নতুন করে দরপত্র আহ্বান করা হয় গ্রন্থাগার নির্মাণ শেষ করার জন্য। নির্মাণসামগ্রীর দর বেড়ে যাওয়ার কারণেই দরপত্রের টাকার এত হেরফের হয়েছে। এখন নতুন করে মিলনায়তনের দরপত্র আহ্বান করতে হবে।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ বিনতে হুসাইন নাসরিন বানু বলেন, ‘এ কাজগুলো আমি এখানে যোগদানের অনেক আগে হয়েছে। কলেজে পুরোনো একটি ছোট্ট হলরুম রয়েছে। যেখানে ক্লাসও হয়। কলেজে কোনো অনুষ্ঠান থাকলে হলরুমের ক্লাস বাতিল করা হয়। তবে এত বড় একটি কলেজে কোনো মিলনায়তন নেই ভেবে কলেজ অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে মিলনায়তন নির্মাণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে এরই মধ্যে আবেদন জানানো হয়েছে।’