চট্টগ্রাম প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট
মিলনায়তন নির্মাণের জন্য দুটি অর্ধশতবর্ষী গাছ কর্তন

চারতলাবিশিষ্ট মিলনায়তন নির্মাণের জন্য কেটে ফেলা হয়েছে অর্ধশতবর্ষী বিশাল দুটি শিরীষগাছ। এলাকাবাসীর ক্ষোভ ও বাধা উপেক্ষা করে আরও চারটি গাছ কাটার প্রস্তুতি চলছে। এ ঘটনা ঘটছে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, চট্টগ্রাম ক্যাম্পাসে।
ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর মিলনায়তনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন। এই মিলনায়তনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৭৭ লাখ টাকা। বিশ্বব্যাংকের পিডিপি-৩ প্রকল্পের আওতায় এটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির তদারকি প্রতিষ্ঠানের দায়িত্বে আছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
শামসুল ইসলাম নামের একজন স্কুলশিক্ষক বলেন, ৬০ বছরের পুরোনো গাছগুলো এলাকাবাসীকে ছায়া দিয়ে আসছে। পরিবেশের সৌন্দর্যবর্ধন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করছে এগুলো। গাছ কাটার প্রতিবাদ করলেও কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছে না। ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানের জন্য মিলনায়তন খুবই প্রয়োজন। এটির নির্মাণে গাছ কাটার বিকল্প নেই। ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে এই স্থান নির্ধারণ করেছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, ভবন নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া চলছে। এ জন্য ছোট-বড় দুটি গাছ কাটা হয়েছে। সীমানাপ্রাচীর লাগোয়া আরও চারটি গাছ কাটার জন্য নাম্বারিং করা হয়েছে। এর মধ্যে একটি গাছের শাখা-প্রশাখা এবং আরেকটির গুঁড়ি অর্ধেক কাটা হয়েছে।
মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার জানান, গাছগুলো কাটতে বন বিভাগসহ সংশ্লিষ্ট সব দপ্তরের অনুমতি নেওয়া হয়েছে। আর সরকারি সব বিধি মেনে নিলাম আহ্বান করা হয়েছে। নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে গাছগুলো বিক্রি করা হয়েছে। এ জন্য প্রায় ৯০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন দরদাতা।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, নিতান্তই প্রয়োজন বলে সরকারি গাছ কাটা হচ্ছে। এ জন্য সরকারি বিধি মোতাবেক সংশ্লিষ্ট সব সংস্থার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে।