রংপুরের কারমাইকেল কলেজের মিলনায়তন ভবনের নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ঠিকাদার কিছু কাজ করে নির্মাণকাজ করতে অপারগতা প্রকাশ করায় নতুন করে আবার দরপত্র আহ্বান করতে হয়েছে। নির্মাণকাজে এই দীর্ঘসূত্রতার কারণে আড়াই কোটি টাকার নির্মাণ-ব্যয় এখন প্রায় সাড়ে তিন কোটিতে দাঁড়িয়েছে। রংপুর শিক্ষা প্রকৌশল বিভাগ সূত্র জানায়, ২০০৫ সালে কারমাইকেল কলেজে দুই কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে এক হাজার আসনবিশিষ্ট মিলনায়তন ভবন নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণকাজের ঠিকাদার ছিলেন ফারুকুজ্জামান। নির্মাণ শেষে ২০০৭ সালের মধ্যে ভবন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা ছিল। অভিযোগ রয়েছে, কার্যাদেশ পাওয়ার পর ঠিকাদার অত্যন্ত ধীর গতিতে ভবন নির্মাণের কাজ করেন। নির্মাণসামগ্রীর দাম বাড়ার অজুহাতে গত বছর জানুয়ারি মাসে ঠিকাদার কাজ চালিয়ে যেতে অপারগতা প্রকাশ করেন। স্থানীয় সূত্র জানায়, ২০০৮ সালের ফেব্রুয়ারি মাস থেকেই নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন ঠিকাদার।সরেজমিনে দেখা গেছে, কলেজের প্রশাসনিক ভবনের পশ্চিম দিকে ক্যানটিনের পাশে নির্মাণাধীন মিলনায়তনের একতলা ভবনের কিছু অংশের ছাদ নির্মিত হয়েছে। ঠিকাদারকে ইতিমধ্যে ৮০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। তবে এ পর্যন্ত ভবনের কত ভাগ কাজ সম্পন্ন হয়েছে এর সঠিক তথ্য সংশ্লিষ্ট বিভাগও জানাতে পারেনি।ঠিকাদার ফারুকুজ্জামান বলেন, ‘নির্মাণকাজ চলা অবস্থায় নির্মাণসামগ্রীর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কাজ করতে অপারগতা প্রকাশ করি।’কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াদুদ বলেন, এত বড় একটি কলেজে কোনো মিলনায়তন নেই। একটি মিলনায়তন ভবন নির্মাণের কাজ শুরু করা হলেও তা এখনো শেষ হলো না।শিক্ষা ও প্রকৌশল বিভাগ রংপুরের উপসহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ঠিকাদার কাজ করতে পারবেন না বলে জানিয়ে দেন। এর ফলে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে। নতুন দরপত্র অনুযায়ী প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মাণকাজ আবারও শুরু করা হবে।