মিলনের আইনজীবীকে তলব সংক্রান্ত আদেশ স্থগিত
বিএনপির নেতা আ ন ম এহছানুল হক মিলনের আইনজীবী এস এম মুনীরকে তলব-সংক্রান্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা এ আদেশ দেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও চাঁদপুর-১ আসনের সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের করা এক আবেদনে গত ২৫ আগস্ট হাইকোর্ট মিলন এবং ওই এলাকার পাঁচজন ভোটারের প্রতি আদালত অবমাননার রুল জারি করেন। ওই দিন মিলনের আইনজীবী এস এম মুনীরের প্রতিও স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার রুল জারি হয়। একই সঙ্গে ১৬ অক্টোবর তাঁদের হাজির হতে বলা হয়। এতে স্থগিতাদেশ চেয়ে এস এম মুনীর আপিল বিভাগে আবেদন করেন। গতকাল আবেদনকারী এস এম মুনীর নিজে শুনানি করেন। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান আদালতে উপস্থিত ছিলেন।এস এম মুনীর প্রথম আলোকে বলেন, হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন ও ১৬ অক্টোবর হাজির হতে নির্দেশ দেন। এতে স্থগিতাদেশ চাওয়া হয়। চেম্বার বিচারপতি হাজির হওয়ার আদেশের কার্যকারিতা ২৭ অক্টোবর পর্যন্ত করেছেন। ওই দিন বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে। এহছানুল হক মিলনসহ অন্যদের আবেদন আপিল বিভাগে রয়েছে বলেও জানান তিনি। জানা যায়, মহীউদ্দীন খান আলমগীরের সংসদ সদস্য হিসেবে কাজ চালিয়ে যাওয়া প্রশ্নে মিলনসহ ওখানকার পাঁচজন ভোটার গত আগস্টে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে পৃথক রিট আবেদন করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে ২৩ আগস্ট আদালত রুল জারি করেন। এরপর আদালত অবমাননার অভিযোগে মিলনসহ অন্যদের বিরুদ্ধে অপর একটি বেঞ্চে আবেদন করেন মহীউদ্দীন খান। এর পরিপ্রেক্ষিতে ২৫ আগস্ট বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। পাশাপাশি মিলন, তাঁর আইনজীবী এস এম মুনীরসহ সাতজনকে তলবের আদেশ দেন। অপর পাঁচজন হলেন: মো. বিল্লাল হোসেন, মাসুদে এলাহী সুবাস, খায়রুল আবেদীন স্বপন, কবির হোসেন ও মো. ইব্রাহীম।