মিলনের বাড়ির দুই শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলার বায়েক গ্রামে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বাড়ির আঙিনার দুই শতাধিক ফলদ ও বনজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ সময় ওই বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলেও মিলনের স্ত্রী নাজমুন নাহার অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে। স্থানীয় অমর দাস ও জাহাঙ্গীর জানান, তাঁরা সকালে এসে দেখেন বাড়ির শতাধিক কলাগাছ, ৩০টি পেঁপেগাছ, ১০টি আমগাছ, ১০টি নারকেলগাছসহ দুই শতাধিক গাছ কাটা। বিষয়টি মিলনের স্ত্রী নাজমুন নাহার কচুয়া থানাকে মৌখিকভাবে জানিয়েছেন। তিনি জানান, কিছুদিন আগে দুর্বৃত্তরা বাড়ির তত্ত্বাবধায়ককে মারধর করে দরজায় তালা ঝুলিয়ে দেয়। এসব বিষয়ে থানায় অভিযোগ করেও কোনো লাভ হয়নি। তবে তিনি দাবি করেন, আওয়ামী লীগের কর্মীরা এসব ঘটনা ঘটাচ্ছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় কোনো মামলা না হওয়ায় পুলিশ কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না।