মিলনের বিরুদ্ধে মহীউদ্দীন খান আলমগীরের সাক্ষ্য
গাড়ি ভাঙচুর মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে চাঁদপুর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে এই সাক্ষ্য গ্রহণ করেন বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার ইউসুফ।
বাদীপক্ষের আইনজীবী রেজা পাহলভী মজিদ জানান, ২০০৩ সালে কচুয়া উপজেলার সাচার বাজার এলাকায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ও তাঁর কিছু নেতা-কর্মী মহীউদ্দীন খান আলমগীরের গাড়িবহরে হামলা করে গাড়ি ভাঙচুরসহ হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়েন। এ ঘটনায় দীর্ঘ সাত বছর পর ২০১০ সালে কচুয়ার কলিম উল্লাহ নামে এক আওয়ামী লীগ কর্মী বাদী হয়ে মিলন ও তাঁর স্ত্রী নাজমুন নাহার বেবিসহ ৩৯ জনকে আসামি করে আদালতে একটি মামলা করেন।
সাক্ষ্য শেষে আদালত প্রাঙ্গণে মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, ‘বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী মিলনসহ তাঁর কিছু নেতা-কর্মী আমার গাড়ি অবরোধ করে ভাঙচুর চালান এবং আমাকে হত্যার উদ্দেশ্যে করে গুলি ছোড়েন। এ মামলায় আজ আমি আদালতে সশরীরে হাজির হয়ে সাক্ষী দিয়েছি। আশা করি, আদালত দ্রুত এই মামলার সঠিক রায় দেবেন।’
আদালত পুলিশের ওসি ইব্রাহিম খলিল বলেন, এই মামলায় এহসানুল হক মিলন ও তাঁর স্ত্রী নাজমুন নাহার বেবিসহ ২২ জন পলাতক রয়েছেন। বাকিরা জামিনে রয়েছেন।