মিলনের বিরুদ্ধে মোট ৩৫ মামলা তিনটিতে আগাম জামিন
পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে করা তিন মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন দুই সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। গতকাল বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
সাবেক ওই প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ গোলাম সরোয়ার জানান, তাঁর বিরুদ্ধে এ পর্যন্ত রেকর্ডসংখ্যক ৩৫টি মামলা হয়েছে।
আদালত সূত্র জানায়, ১৯ অক্টোবর হরতালের দিন পুলিশের কাজে বাধা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মিলনের বিরুদ্ধে চাঁদপুরের কচুয়া থানায় তিনটি মামলা করে পুলিশ। গতকাল আদালতে হাজির হয়ে এই তিন মামলায় আইনজীবীর মাধ্যমে তিনি জামিনের আবেদন জানান। শুনানি নিয়ে জামিন মঞ্জুর করেন আদালত।
মিলনের পক্ষে আইনজীবী এস এম মুনীর ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন।
মিলন জানিয়েছেন, রাজনৈতিক আক্রোশ চরিতার্থ করতে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের নির্দেশে তিনি ও তাঁর স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট নাজমুন নাহারসহ এলাকার অসংখ্য নেতা-কর্মীকে জড়িয়ে এ পর্যন্ত ৩৫টি মামলা হয়েছে। কচুয়ার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে।