মিলনের মাসহ পাঁচ জনকে সাক্ষী দিতে হাতিয়ায় তলব!
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘পুলিশের তত্ত্বাবধানে’ শামছুদ্দিন মিলনকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় বিভাগীয় মামলায় সাক্ষী দিতে মিলনের মাসহ পাঁচজনকে হাতিয়া থানায় তলব করা হয়েছে। গত মঙ্গলবার কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক নোটিশে তাঁদের তলব করা হয়।নোটিশে মিলনের মা কোহিনুর বেগম, চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু নাছেরসহ পাঁচজনকে আগামী রোববার সাক্ষী দিতে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেনের কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়।এ প্রসঙ্গে কোহিনুর বেগম প্রথম আলোকে বলেন, ‘আমি কখনো হাতিয়া যাইনি। পুলিশ এসে নোটিশ দিয়ে বলে গেছে, সাক্ষী দিতে না গেলে আমার ছেলের মামলায় ক্ষতি হবে।’ওসি মোক্তার হোসেন বলেন, ‘পুলিশ সদস্যদের বিরুদ্ধে করা বিভাগীয় মামলার তদন্ত কর্মকর্তা আমি নিজেই। কিন্তু আমি বর্তমানে হাতিয়ায় কর্মরত। এখান থেকে কোম্পানীগঞ্জে গিয়ে মামলার সাক্ষীদের বক্তব্য নেওয়া সম্ভব নয়। তাই তাঁদের এখানে আসতে বলা হয়েছে। তাঁরা এলে প্রয়োজনে থাকা, খাওয়া ও ভাড়ার ব্যবস্থা করা হবে।’গত ২৭ জুলাই মিলনকে কোম্পানীগঞ্জের টেকেরহাট বাজারের মোড়ে পুলিশ গাড়ি থেকে নামিয়ে কিছু লোকের হাতে ছেড়ে দেয়। এ সময় পুলিশের উপস্থিতিতে তারা মিলনকে পিটিয়ে হত্যা করে।