মিলমালিক-ডিলার-খাদ্যগুদাম পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গমের বরাদ্দ পেতে খুলনা জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় ও সরকারি খাদ্যগুদামের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। মিলমালিকেরা বলছেন, ঘুষ না দিলে তাঁরা গম তুলতে পারছেন না।অপরদিকে মিলমালিকেরা অতিরিক্ত মুনাফার আশায় ভালো গমের পরিবর্তে নিম্নমানের গম ও চাল মিশিয়ে আটা বানিয়ে ডিলারদের সরবরাহ করছেন বলে ডিলার ও খুলনা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তাদের অভিযোগ। এ নিয়ে মিলমালিক ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। মাঝখানে ভোক্তাদের নিম্নমানের আটা গিলতে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারের খোলাবাজারে বিক্রি (ওএমএস) এবং ন্যায্যমূল্যে চাল ও আটা বিক্রি কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরে ১৪-১৫টি ময়দার মিলমালিকদের প্রতি মাসে ১০০ মেট্রিক টন করে গম বরাদ্দ করছে জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়। খাদ্য বিভাগ মিলমালিকদের ১৭ টাকা কেজি দরে গম সরবরাহ করছে। মিলমালিকেরা ওই গম দিয়ে আটা তৈরি করে ডিলারদের দিচ্ছেন প্রতি কেজি ১৯ টাকা দরে। আর খোলাবাজারে ওএমএস ডিলাররা আটা বিক্রি করছেন ২০ টাকা কেজি দরে। খুলনা নগরের একাধিক মিলমালিক জানান, প্রতি ১০০ মেট্রিক টন গম বরাদ্দ পেতে জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তাদের ঘুষ দিতে হয় ১৫ হাজার টাকা। এ ছাড়া সরকারি খাদ্যগুদামের ব্যবস্থাপকদের ঘুষ দিতে হয় ১৭ হাজার টাকা। এই টাকা না দিলে মিলমালিকদের হয়রানির পাশাপাশি নিম্নমানের গম সরবরাহ করা হয়। এ ছাড়া ওএমএস ডিলারদের কাছ থেকে প্রতিদিন ৫০০ টাকা এবং ন্যায্যমূল্যের ডিলারদের কাছ থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে ঘুষ নেওয়া হচ্ছে। জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা এই টাকা সংগ্রহ করে কর্মকর্তাদের মধ্যে ভাগ করেন। নগরে ওএমএস ডিলারের সংখ্যা ৩৭ ও ন্যায্যমূল্যের ডিলারের সংখ্যা ১৫২ জন। খুলনা ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফি আহমেদ বলেন, সমিতির সদস্যরা জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তা ও খাদ্যগুদামের ব্যবস্থাপককে ঘুষ দিয়ে গম তুলতে বাধ্য হচ্ছেন। টাকা না দিলে তাঁদের হয়রানি করা হয় এবং পচা ও নিম্নমানের গম নিতে বাধ্য করা হয়। বিষয়টি খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তকর্তাদের জানিয়েও কোনো সুরাহা হয়নি। তবে কিছু মিলমালিকের নিম্নমানের চাল-গম দিয়ে আটা তৈরি করার কথা স্বীকার করে তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। খুলনা জেলা খাদ্যনিয়ন্ত্রক সুধাংশু হাওলাদার মিলমালিক ও ডিলারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, মিলমালিকদের অভিযোগ ঠিক নয়। মিলমালিকদের দাবি অনুযায়ী বেশি বরাদ্দ না দেওয়া হলে তাঁরা খাদ্য বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলেন। তিনি আরও বলেন, অনেক মিলমালিক ভালো গম বরাদ্দ পেয়েও নিম্নমানের গম ও চাল কিনে আটা তৈরি করে ডিলারদের সরবরাহ করছেন বলে তাঁরা সরেজমিনে পরিদর্শনে দেখতে পেয়েছেন। খুলনা খাদ্যগুদামের ব্যবস্থাপক শেখ মইনুল ইসলাম ও মহেশ্বরপাশা খাদ্যগুদামের ব্যবস্থাপক আবদুর রশিদ মিলমালিকদের অভিযোগ অস্বীকার করে বলেন, জেলা খাদ্যনিয়ন্ত্রকের বরাদ্দ অনুযায়ী মিলমালিকদের গম সরবরাহ করা হচ্ছে। মিলমালিকদের হয়রানি বা তাঁদের কাছ থেকে ঘুষ নেওয়ার প্রশ্নই ওঠে না। খুলনা ওএমএস ডিলার সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম বলেন, খুলনার অধিকাংশ মিলমালিক ভালো গম পেয়েও নওয়াপাড়া থেকে নিম্নমানের গম ও আতপ চাল কিনে আটা তৈরি করে ডিলারদের সরবরাহ করছেন। নিম্নমানের কারণে ক্রেতারা তাঁদের কাছ থেকে আটা কিনতে চাইছেন না। ফলে তাঁদের লোকসান গুনতে হচ্ছে। এসব অসাধু ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তাঁরা খাদ্য বিভাগের কর্মকর্তাদের কাছে অভিযোগ দিয়েছেন।