
টানা ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের ৫১ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি মেলেনি। গতকাল মঙ্গলবার বিভাগের একাডেমিক কমিটি এক সভায় তাদের সিদ্ধান্তে অনড় অবস্থানের কথা জানিয়ে দেয়।
প্রয়োজনীয় সংখ্যক ক্লাসে অনুপস্থিত থাকায় নিয়ম অনুযায়ী ওই সব শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না।
পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ ও পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে গত রোববার বেলা ১১টা থেকে বিভাগের সামনে ‘আমরণ অনশন’ কর্মসূচি শুরু করেন ওই শিক্ষার্থীরা। এরপর থেকে তাঁরা বিভাগের সভাপতির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন। বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যাঁদের ৬০ শতাংশের নিচে ক্লাসে উপস্থিতি, তাঁরাও এ কর্মসূচিতে যোগ দেন। এরই মধ্যে গত সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের ছাড়াই প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উদ্ভূত পরিস্থিতিতে গতকাল একাডেমিক কমিটির সভা আহ্বান করা হয়। গতকাল বেলা সাড়ে ১১টায় একাডেমিক সভা শেষে বিভাগের শিক্ষকেরা আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। এরপর কর্মসূচি প্রত্যাহার করে ফিরে যান শিক্ষার্থীরা।
আইন বিভাগের সভাপতি অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, ‘শিক্ষার্থী ও বিভিন্ন পক্ষের দাবির বিষয়টি নিয়ে বিভাগের একাডেমিক কমিটির সভায় আলোচনা হয়েছে। তবে একাডেমিক কমিটির প্রায় সব সদস্য নিয়ম অমান্য করে পরীক্ষা দিতে না দেওয়ার পক্ষে মত দেন।’
এদিকে দ্বিতীয় বর্ষের ১১০ জন শিক্ষার্থীর মধ্যে ৪৫ জন ডিসকলিজিয়েট হওয়ায় ফরম পূরণের সুযোগ পাননি। তাঁরাও এই অনশনে যোগ দিয়েছিলেন। ওই বর্ষের চূড়ান্ত পরীক্ষা আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা। তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে বলে গতকাল বিভাগের সভাপতি জানান।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে প্রত্যেক শিক্ষার্থীকে ৭৫ শতাংশ ক্লাসে উপস্থিত থাকতে হয়। বিশেষ কারণে তা সম্ভব না হলে জরিমানা সাপেক্ষে পরীক্ষার সুযোগ দেওয়া হয়। তবে সে ক্ষেত্রেও ৬০ শতাংশ উপস্থিতি থাকতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, এর আগে ৬০ শতাংশের নিচে ক্লাসে উপস্থিত থেকেও পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হতো। কিন্তু এবার হঠাৎ করে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলো।