মিলেমিশে ঐতিহ্য রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মে​ৗলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ​রেলস্টেশনের কাছে নির্মিত ইরানি তোরণ l ছবি: প্রথম আলো
মে​ৗলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ​রেলস্টেশনের কাছে নির্মিত ইরানি তোরণ l ছবি: প্রথম আলো

ব্রিটিশ শাসন আমল থেকে নানা কারণে গুরুত্বপূর্ণ ছিল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এখানে একটি বিমানবন্দর স্থাপন করেছিল।

কুলাউড়ার লংলার জমিদার আলী আমজাদের বংশধর নওয়াব আলী হায়দর খান ও নওয়াব আলী আজগর খানের আমন্ত্রণে ১৯৫১ সালে শমশেরনগরে এসেছিলেন ইরানের শাহানশাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভী। সে সময় তাঁর সম্মানে শমশেরনগর রেলস্টেশন এলাকায় দুটি তোরণ নির্মাণ করা হয়েছিল। এগুলো ইরানি তোরণ হিসেবে পরিচিতি পায়।

কালের পরিক্রমায় ইট-পাথর দিয়ে তৈরি তোরণগুলোর ক্ষয় হতে থাকে। ডান দিকেরতোরণটি তিন বছর আগে একটি ট্রাকের ধাক্কায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে স্থানীয়রা ভেঙে ফেলেন। পরে প্রশাসন নতুন করে তোরণ নির্মাণ করার কথা ভাবলেও আর সে কাজ হয়ে ওঠেনি। তবে স্থানীয় এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের ২৭ জন শিক্ষার্থী ওই স্থানে একটি তোরণ নির্মাণ ও বাঁ দিকের তোরণ সংস্কার করেছেন। এলাকার ঐতিহ্য রক্ষায় তাঁরা প্রায় দুই লাখ টাকা খরচ করে এই কাজ করেছেন।

সরেজমিনে দেখা গেছে, তোরণের গায়ে খোদাই করে বাংলা ও ইংরেজি বর্ণে ইরানি তোরণ স্থাপনের সংক্ষিপ্ত ইতিহাস লিখে রাখা হয়েছে। আজ শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের এটি উদ্বোধন করার কথা রয়েছে।

তোরণ নির্মাণ ও সংস্কারের কাজে নিয়োজিত এলাকার ওই ২৭ জন শিক্ষার্থী দেশ-বিদেশে চাকরি করছেন। ১২ জানুয়ারি নির্মাণকাজ শুরু করে গত বুধবার শেষ করা হয়। এই কাজ তদারক করেছেন রাসেল চৌধুরী, ওবায়দুর রহমান ও মিজানুর রহমান। ঐহিত্য রক্ষায় এগিয়ে আসা অপর ২৪ জন হলেন আবদুল্লাহ ইবনে রশীদ চৌধুরী, নাজমীন নাহার চৌধুরী, জয়দ্বীপ পাল, মিসকাত, দীপন, শাহীন, খোকন, তমাল, সুমী, তমিজ, পার্থ, দুর্গেশ, সন্তোষ, রাজীব, মাহফুজ, তানিয়া, মো. রুমমেজ, মো. বায়েজ, করিম, সাজু, তাহমিনা, কবির, কায়েছ ও রোকশানা।

রাসেল চৌধুরী ও ওবায়দুর বলেন, মহান মুক্তিযুদ্ধে শমশেরনগরের গৌরবময় ভূমিকা রয়েছে। আর ইরানি তোরণটি শমশেরনগরের ইতিহাসের একটি অংশ। তাই ইতিহাস ঐতিহ্য ধরে রেখে আগামী প্রজন্মের কাছে তা তুলে ধরার তাগিদে তাঁরা এ কাজ করেছেন।