মিলেমিশে তিন প্রার্থীর প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সব নির্বাচনেই প্রার্থীরা প্রতিপক্ষকে ঘায়েল করতে সাধারণত একে অন্যের সমালোচনা, কটূক্তি ও বিষোদ্গার করে ভোট চান। কিন্তু রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থীরা কেউ কারও সমালোচনা বা বিষোদ্গার না করে নিজেদের যোগ্যতা তুলে ধরে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। নির্বাচনকে ঘিরে সেখানে নেই টাকার ছড়াছড়িও। ২৮ মে ওই ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওয়ার্ডের ভোটার, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ওয়ার্ডের ভোটার সংখ্যা ১৬৮৮। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তাঁরা হলেন শাহিনুর ইসলাম, হাছিনুর রহমান ও আশরাফুল আলম। শাহিনুর ইসলাম এর আগে ইউপি সদস্য ছিলেন। হাছিনুর রহমান ও আশরাফুল আলম এবারই প্রথম ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছেন।
পঞ্চায়েতপাড়া গ্রামের শিক্ষক রিয়াজুল ইসলাম বলেন, ‘ওই তিন প্রার্থীর মধ্যে ভোট চাওয়ার প্রতিযোগিতা আছে। কিন্তু তাঁরা একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। ভোটারদের কাছে কিংবা নির্বাচনী কোনো পথসভায় কেউ কারও সমালোচনা করছেন না। টাকার ছড়াছড়িও নেই। নিজের যোগ্যতা ও ভোটে নির্বাচিত হলে কে কী করবেন, তা-ই ভোটারদের কাছে তুলে ধরে তাঁরা ভোট চাচ্ছেন। ইউপি নির্বাচনে এটি একটি বিরল দৃষ্টান্ত।’
আমবাগান এলাকার ভোটার মিজানুর রহমান, শওকত আলীসহ অনেকে বলেন, ভোটের প্রচারণা চালানোর সময় গত শনিবার বিকেলে আমবাগান মোড়ে তিন প্রার্থী মুখোমুখি হন। এ সময় তাঁরা একে অন্যকে বুকে জড়িয়ে হাসিমুখে কোলাকুলি করেন। উপস্থিত ভোটাররা করতালি দিয়ে তাঁদের স্বাগত জানিয়েছেন।’
সদস্য পদপ্রার্থী আশরাফুল আলম বলেন, ভোটাররা ভোট দেন প্রার্থীর যোগ্যতা বুঝে। তাই ভোটারদের কাছে প্রতিপক্ষ প্রার্থীর সমালোচনা ও বিষোদ্গার করাটা নোংরামি ছাড়া কিছু না। প্রচারণা চালানোর সময় কখনো আমরা তিন প্রার্থী একসঙ্গে হয়েও ভোট চাচ্ছি। ভোটাররা এটাকে ভালো দৃষ্টিতে নিচ্ছেন।’ সদস্য পদপ্রার্থী শাহিনুর আলম বলেন, ‘ওই দুই প্রার্থীর সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। ভোটে প্রার্থী হয়েছি বলে আমরা আজ একে অন্যের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। কিন্তু কেউ কারও বিরুদ্ধে নই। ভোট চাচ্ছি নিজের যোগ্যতা তুলে ধরে।’
আরেক সদস্য পদপ্রার্থী হাছিনুর রহমান বলেন, ‘ভোটাররা কারও সমালোচনা পছন্দ করেন না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনেকে না বুঝে এটা করেন। আমরা তিন প্রার্থী ভোটের ময়দানে কেউ কারও সমালোচনা করছি না। এতে প্রার্থী হিসেবে ভোটারদের কাছে আমাদের মর্যাদা অক্ষুণ্ন রয়েছে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী বলেন, ‘বিভিন্ন ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটের প্রচারণা চালাতে গিয়ে অনেকে একে অন্যের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেছেন। কিন্তু ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থীরা তা করেননি। শুনেছি তাঁরা ভোটারদের কাছে কেউ কারও সমালোচনা না করে নিজের যোগ্যতা তুলে ধরে ভোট চাচ্ছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে এটি একটি বিরল দৃষ্টান্ত।’
বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বন্ধুত্বসুলভ আচরণ সাধারণত আমরা দেখি না। ওই ওয়ার্ডের প্রার্থীরা মিলেমিশে ভোটের প্রচারণা যেভাবে চালাচ্ছেন, তাতে সেখানে কখনো কোনো সংঘাত হওয়ার কথা নয়। নির্বাচনে এটি একটি অনুসরণীয় দৃষ্টান্ত।’