মিল্ক কারখানায় আগুনে দুই শতাধিক ঘর পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অবস্থিত ড্যানিশ কনডেন্সড মিল্ক কারখানায় অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আগুনে ওই কারখানার শ্রমিক কলোনির দুই শতাধিক ঘর পুড়ে গেছে।খবর পেয়ে ডেমরা ও নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন পাঁচজন। শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শাহজাহান জানান, রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অবস্থিত ড্যানিশ কনডেন্সড মিল্ক কারখানার শ্রমিকদের কলোনিতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় টিনের তৈরি ছোট ছোট দুই শতাধিক ঘর। আগুনে কলোনির শ্রমিকদের টাকা, ব্যবহার্য আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।ডেমরা ও নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া ঘরগুলোতে কারখানার শ্রমিকেরা থাকতেন। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন পাঁচজন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।