মিল্ক ভিটায় আরও দুই কর্মকর্তা বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটার সোয়া ছয় লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গাজীপুরের শ্রীপুর কারখানায় এ আর্থিক অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট কর্মকর্তা নজরুল ইসলাম ও হিসাবরক্ষক বায়তুল হোসেনকে গত মঙ্গলবার বরখাস্তের আদেশ দেন মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে দুর্নীতি ও কাজে অবহেলার দায়ে চার কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হলো। এ ছাড়া দুই কর্মকর্তাকে অনিয়মের জন্য ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে মিরপুরের ঢাকা ডেইরি প্ল্যান্টে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে গত এক মাসে ৩০ শ্রমিকের বেতন কাটা হয়েছে। মুনীর চৌধুরী জানান, কাউকে ছাড় দেওয়া হবে না। বিজ্ঞপ্তি।