মিল্ক ভিটায় সংঘর্ষে আটজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দুগ্ধ সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) তেজগাঁওয়ের প্রধান কার্যালয়ে কর্মচারীদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। এ সময় প্রায় এক ঘণ্টা উৎপাদন বন্ধ ছিল। মিল্ক ভিটার কর্মচারীরা জানিয়েছেন, এখানে পাবনা জেলার কর্মচারীদের সঙ্গে বাকিদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব আছে। সোমবার ইফতারের পর খোকন নামে পাবনার এক কর্মচারীর সঙ্গে হাইদুল ও মনজু নামের দুই কর্মচারীর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে এ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাত থেকে আটজন আহত হন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষের কারণে সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত ঘণ্টা খানেক উৎপাদন বন্ধ ছিল। জানতে চাইলে মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। এ কারণে ঘণ্টা খানেক উৎপাদন বন্ধ ছিল। এটি কোনোভাবেই কাম্য নয়। কারণ, রোজার মাসে চাহিদা অনেক। এখন উৎপাদন বন্ধ রাখার কোনো সুযোগ নেই। শ্রমিক-কর্মচারী সবাইকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।