মিল্ক ভিটার অনিয়ম অনুসন্ধানে তিন সদস্যের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিল্ক ভিটার অনিয়ম ও দুর্নীতির ঘটনা অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। পাঁচ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে কমিটি তদন্তকাজ শুরু করেছে। কমিটির সদস্যরা হলেন মিল্ক ভিটার অতিরিক্ত মহাব্যবস্থাপক (অপারেশন ও ক্রয়) নুরুল ইসলাম, উপমহাব্যবস্থাপক (সমিতি) মোশাররফ হোসেন ও উপমহাব্যবস্থাপক (উত্পাদন) আবু মোহাম্মদ শরিফুল ইসলাম। কারখানার মহাব্যবস্থাপক নাসিম আহমেদ প্রথম আলোকে জানান, ৮ মার্চ এই কমিটি করা হয়েছে। যত দ্রত সম্ভব তারা প্রতিবেদন দেবে। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ‘মিল্ক ভিটা চুষে খাচ্ছে দুর্নীতিবাজেরা’ শিরোনামে ৪ মার্চ প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়। একটি সূত্র জানিয়েছে, ঘটনা তদন্তে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ইতিমধ্যেই মন্ত্রণালয়ের সচিব রোকেয়া সুলতানাকে নির্দেশ দিয়েছেন। তিন কর্মকর্তার প্রতিবাদ: মিল্ক ভিটার বিষয়ে প্রকাশিত সংবাদের কিছু অংশের প্রতিবাদ করেছেন সাবেক ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক এম এ বারিক, সাবেক অতিরিক্ত মহাব্যবস্থাপক (অর্থ) ইদ্রিস আহমেদ এবং ব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) মাহবুবুর রহমান। প্রতিবাদে তাঁরা বলেন, একটি কুচক্রী মহল হয়রানির জন্য তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।