মিল্ক ভিটার সব অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান কর্তৃপক্ষ। এরই মধ্যে তাঁরা কাজও শুরু করেছেন বলে দাবি করেছেন। গতকাল প্রথম আলোয় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মিল্ক ভিটার মহাব্যবস্থাপক নাসিম আহমেদ।‘মিল্ক ভিটা চুষে খাচ্ছে দুর্নীতিবাজেরা’ শিরোনামে গতকাল প্রথম আলোয় মূল শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম-দুর্নীতি তুলে ধরা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতে মিল্ক ভিটায় নিয়মবহির্ভূত অনেক কাজ হয়েছে। এসব অনিয়ম তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সংসদীয় কমিটি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর এ বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল। কর্তৃপক্ষ দাবি করেছে, মিল্ক ভিটার অনিয়মের বিষয়গুলো বর্তমানে সংশ্লিষ্ট দপ্তরে তদন্তাধীন। যথাযথভাবে তদন্তের পর এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। চাকরিচ্যুতদের সংবাদ সম্মেলন: তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত মিল্ক ভিটার কর্মচারীদের পক্ষে ১১ জন গতকাল সিরাজগঞ্জের শাহজাদপুরে সংবাদ সম্মেলন করেছেন। এতে বক্তব্য দেন, শাহজাদপুরে সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে চাকরিচ্যুত সামিউল হক। এতে বলা হয়, মিল্ক ভিটার একটি কুচক্রী মহল ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।চাকরিচ্যুতদের পুনর্বহাল না করা হলে আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়ে সংবাদ সম্মেলনকারীরা দাবি করেন, মিল্ক ভিটার কিছু কর্মকর্তার কারণেই চাকরিচ্যুতরা চাকরি ফিরে পাচ্ছেন না। একই স্থানে পরে সমবায়ীদের পক্ষ থেকে আরেকটি সংবাদ সম্মেলন করা হয়।