মিল্ক ভিটার কর্মকর্তাদের কর্মবিরতি, বিকেলে দুধ সংগ্রহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে মিল্ক ভিটা কারখানার উপমহাব্যবস্থাপককে (ডিজিএম) লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ দুগ্ধ উত্পাদন সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) তেজগাঁও প্রধান কার্যালয় ও বাঘাবাড়ী কারখানার কর্মকর্তারা।এ ঘটনায় বাঘাবাড়ীতে গতকাল সকাল থেকে দুধ সংগ্রহ বন্ধ ছিল। পরে পুলিশ নিরাপত্তা জোরদার করলে বিকেল থেকে দুধ সংগ্রহ শুরু হয়। তেজগাঁও মিল্ক ভিটা কারখানার কর্মকর্তাদের সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কারখানায় চুক্তিভিত্তিক ৪০০ শ্রমিক নিয়োগ দেওয়া হয়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এসে ওই শ্রমিকদের চাকরিচ্যুত করে। বর্তমানে কারখানার একটি চক্র চাকরিচ্যুত ওই শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়ে তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কারখানার কর্মকর্তারা সেটা চাইছেন না। এ ইস্যুতে বিক্ষুব্ধ শ্রমিকেরা গত সোমবার বাঘাবাড়ী কারখানার উপমহাব্যবস্থাপক খন্দকার আমিনুল ইসলামকে লাঞ্ছিত করেন। বাঘাবাড়ী কারখানা সূত্রে জানা যায়, উদ্ভূত পরিস্থিতিতে কারখানার কর্মকতারা গতকাল দুপুরে জরুরি বৈঠক করেন। পরে নিরাপত্তা জোরদার করায় বিকেল চারটা থেকে দুধ সংগ্রহ শুরু হয়।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, কারখানাসহ মিল্ক ভিটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।