মিল্ক ভিটার কারখানায় ঢুকে আনসারকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে মিল্ক ভিটা দুগ্ধ কারখানার নিরাপত্তায় নিয়োজিত শাহ আলম (৩২) নামের এক আনসার সদস্যকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখম করেছে। পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিনা অনুমতিতে রাসেল নামের স্থানীয় এক সন্ত্রাসী তার কয়েকজন বান্ধবী নিয়ে কারখানার ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় শাহ আলম বাধা দিলে রাসেল ক্ষুব্ধ হয়ে ফিরে যায়। ঘণ্টাখানেক পর দেশি অস্ত্রসহ কয়েকজন সহযোগী নিয়ে সে কারখানায় ঢুকে শাহ আলমকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। শাহ আলমকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় গতকাল মিল্ক ভিটার নিরাপত্তাপ্রধান শফিউল আলম শাহজাদপুর থানায় একটি মামলা করেছেন।