মিল্ক ভিটার চেয়ারম্যান ও দুই পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) পরিচালনা কমিটির চেয়ারম্যান পদে হাসিব খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দুজন পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সারা দেশে ভাইস চেয়ারম্যান এবং বাকি চারটি বিভাগে পরিচালক পদে নির্বাচন হবে আগামী ৮ জানুয়ারি।মিল্ক ভিটার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) সাখাওয়াত হোসেন বলেন, গতকাল সোমবার ছিল মিল্ক ভিটার পরিচালনা কমিটির নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। গতকাল চেয়ারম্যান পদে পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির প্রতিনিধি মোমিনুল ইসলাম তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। হাসিব খান একক প্রার্থী থাকায় তিনি চেয়ারম্যান পদে প্রাথমিকভাবে নির্বাচিত হন। এদিকে পরিচালক পদে একক প্রার্থী হিসেবে রংপুর বিভাগ থেকে আবুল কাশেম শেখ এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগ থেকে বেল্লাল হোসেন ভূঁইয়া প্রাথমিকভাবে নির্বাচিত হন।ভাইস চেয়ারম্যান পদে শফিকুর রহমান ও রইচ উদ্দীন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ঢাকা বিভাগ থেকে দুজন, রাজশাহী বিভাগ-১ অঞ্চল থেকে পাঁচজন, রাজশাহী বিভাগ-২ অঞ্চল থেকে তিনজন, খুলনা ও বরিশাল বিভাগ থেকে তিনজনসহ ১৩ জন প্রার্থী পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।