মিল্ক ভিটার ছাঁটাই শ্রমিকদের অবস্থান ধর্মঘট প্রত্যাহার
টানা পাঁচ দিন পালনের পর চলমান অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট কর্মসূচি আজ রোববার বিকেল থেকে প্রত্যাহার করে নিয়েছে মিল্ক ভিটার ছাঁটাই হওয়া শ্রমিকেরা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে মোবাইল ফোনে আলোচনা করে ইতিবাচক প্রতিশ্রুতি পাওয়ায় কর্মসূচিটি প্রত্যাহার করেন তাঁরা।
অবস্থান ধর্মঘট প্রত্যাহার করার পর বিকেল চারটা থেকে মিল্ক ভিটার প্রধান ফটক খুলে দেওয়া হয়। এর পর থেকেই ঢাকায় দুধ পাঠানো শুরু হয়।
ছাঁটাই করা আন্দোলনকারী শ্রমিকদের একজন রবিউল ইসলামের দাবি, প্রতিমন্ত্রী মসিউর রহমান ও স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমানের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমদের মাধ্যমে মোবাইল ফোনে বিস্তারিত আলোচনা হয়েছে। চাকরি ফিরে পাওয়ার বিষয়ে তাঁরা ইতিবাচক কথা দিয়েছেন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ জানান, আন্দোলনরত শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার পর মিল্ক ভিটায় স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। দুধ সংগ্রহ এবং দুধ ঢাকায় পাঠানো শুরু হয়েছে।
বাঘাবাড়ি মিল্ক ভিটার কারখানার ব্যবস্থাপক ইদ্রিস আলী জানান, ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার পর আজ বিকেলে সাত গাড়ি (লরি) দুধ ঢাকায় পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
৭০ জন ছাঁটাই করা শ্রমিক তাঁদের চাকরি ফিরে পাওয়ার জন্য গত বুধবার থেকে মিল্ক ভিটার প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছিলেন।