মিল্ক ভিটার তত্ত্বাবধায়কের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার (নন-সাবমিশন) মামলায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. আবদুল আহাদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার কমিশন ওই অভিযোগপত্র অনুমোদন দেয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। তিনি প্রথম আলোকে বলেন, শিগগির দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শফিউল্লাহ বিচারিক আদালতে এই অভিযোগপত্র জমা দেবেন।
দুদকের সূত্র বলেছে, মিল্ক ভিটার মিরপুর অফিসের বিপণন বিভাগের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. আবদুল আহাদ ওরফে আবদুল আহাদ আনসারির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু হয় দুই বছর আগে। প্রাথমিক অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পায় দুদক। এ কারণে আবদুল আহাদ, তাঁর স্ত্রীসহ নির্ভরশীলদের নামে বা বেনামে অর্জিত স্থাবর-অস্থাবর যাবতীয় সম্পদের হিসাব দাখিলের জন্য নোটিশ জারি করে কমিশন।
সূত্র বলেছে, নোটিশ দেওয়ার পর আবদুল আহাদ নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল করেননি কিংবা সময় চেয়ে আবেদনও করেননি। এ কারণে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি রমনা মডেল থানায় তাঁর বিরুদ্ধে নন-সাবমিশন মামলা (নং-১৬) করে দুদক। মামলায় তাঁর বিরুদ্ধে সম্পদের হিসাব গোপন করা ও সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগ আনা হয়। মামলাটি তদন্ত করেন দুদকের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ। তাঁর তদন্তেও আবদুল আহাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযোগপত্র অনুমোদন দেয় কমিশন।