চাকরিচ্যুত প্রার্থীদের অবরোধে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডে (মিল্ক ভিটা) দুধ উৎপাদন ও সরবরাহ গত তিন দিন বন্ধ হয়ে পড়েছে। পাশাপাশি সমবায়ীদের কাছ থেকে দুধ সংগ্রহ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে তিন দিন ধরে আলোচনা চললেও সমস্যার সমাধান হয়নি।মিল্ক ভিটা কর্তৃপক্ষ ও চাকরিচ্যুত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় অতিরিক্ত জনবল উল্লেখ করে ৪৬২ জন কর্মচারীরকে চাকরিচ্যুত করা হয়। এরপর তাঁদের আর পুনর্বহাল করা হয়নি। চাকরিচ্যুত ব্যক্তিরা তাঁদের পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। সোমবার বিকেলে তাঁরা সংঘবদ্ধ হয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে অবস্থিত মিল্ক ভিটা কারখানার প্রধান ফটকের সামনে অবরোধ করেন। এ কারণে সব ধরনের উৎপাদন বন্ধ ও ঢাকায় দুধ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। গতকাল বুধবার পর্যন্ত দুধ সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি সমবায়ীদের কাছ থেকে তা সংগ্রহও বন্ধ রয়েছে।আন্দোলনকারীদের একজন আবদুল বাকী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমলে অন্যায়ভাবে আমাদের চাকরিচ্যুত করা হয়। চার বছর ধরে আমরা পরিবার-পরিজন নিয়ে কষ্টের মধ্যে আছি। এর আগে কর্তৃপক্ষ বেশ কয়েকবার আলাপ-আলোচনা করলেও তাঁরা শুধু মিথ্যা আশ্বাস দিয়ে সময় ক্ষেপণ করছেন। তাই আমরা আবার আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।’ মিল্ক ভিটার চেয়ারম্যান মো. হাসিব খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা চলছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে জানানো হয়েছে। এ বিষয়ে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। হাসিব খান জানান, সমবায়ীদের কাছ থেকে সংগৃহীত প্রায় দুই লাখ লিটার দুধ মজুত রয়ে গেছে। এগুলো ঢাকায় না পাঠাতে পারলে একদিকে বাজারে দুধের ঘাটতি দেখা দেবে; অন্যদিকে মজুত দুধ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।