মিল্ক ভিটার দুধ সংগ্রহ বন্ধ বিপাকে খামারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কারখানা কর্তৃপক্ষ ১৩ দিন ধরে দুধ সংগ্রহ বন্ধ রেখেছে। এতে বিপাকে পড়েছেন ওই কেন্দ্রের অধীন শতাধিক খামারি।
মিল্ক ভিটার রায়পুর দুগ্ধ শীতলীকরণ সূত্রে জানা গেছে, সমবায়ীদের কাছ থেকে দুধ ক্রয় করে রায়পুরের মিতালী বাজারের কারখানায় প্রক্রিয়াজাত করে মিল্ক ভিটার ঢাকার মিরপুরে প্রধান কারখানায় পাঠানো হয়। ২৫টি সমিতির শতাধিক খামারি এ কারখানায় দুধ দেন। প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার লিটার দুধ সরবরাহ করা হয়। কেন্দ্রটি নতুন ভবনে স্থানান্তর করার জন্য ২০ জুলাই সমবায়ী খামারিদের কাছ থেকে কর্তৃপক্ষ দুধ নেওয়া বন্ধ করে দেয়। এতে প্রতিদিন অনেক দুধ নষ্ট হয়ে যাচ্ছে।
দক্ষিণ গন্ডামারা সমিতির সভাপতি মো. সোহাগ জানান, তাঁদের সমিতি থেকে ছয়-সাতজন খামারি মিল্ক ভিটায় দুধ দেন। দুধ নেওয়া বন্ধ থাকায় খামারিদের অর্ধেক দামে বাজারে দুধ বিক্রি করতে হয়।
গত বৃহস্পতিবার মিল্ক ভিটার রায়পুর কারখানার ব্যবস্থাপক আক্তার হোসেন জানান, কারখানাটি নিজেদের ভবনে স্থানান্তর করা হবে। ঢাকার কার্যালয় থেকে টেকনিশিয়ান এসে স্থানান্তরের কাজ শুরু করবেন।