মিল্ক ভিটার নির্বাচনে ভয়ভীতি দেখানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচন জমে উঠেছে। তবে, নির্বাচনে প্রতিপক্ষের প্যানেলের সমর্থকদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কাল বৃহস্পতিবার সারা দেশের মিল্ক ভিটার দুগ্ধ কারখানার ১৯টি কেন্দ্রে এক হাজার ১০ জন ভোটার ভোট দেবেন। এতে কুদ্দুছ-তাজুল পরিষদ হারিকেন প্রতীক ও মজনু-সারওয়ার পরিষদ ছাতা প্রতীক নিয়ে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। ভোটার বেশি হওয়ায় ঢাকার মিরপুরের প্রধান দুগ্ধ কারখানা ও সিরাজগঞ্জের বাঘাবাড়ী দুগ্ধ কারখানার ভোট-কেন্দ্রে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা এবং বাকি কেন্দ্রগুলোতে দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। কুদ্দুছ-তাজুল পরিষদের সহসভাপতি হেলাল উদ্দীন, যুগ্ম সম্পাদক প্রার্থী মো. আসাদুজ্জামান ও দেলোয়ার হোসেন অভিযোগ করেন, বাঘাবাড়ী কারখানার শ্রমিক ও কর্মচারী ভোটারদের প্রতিপক্ষ পরিষদের প্রার্থী ও সমর্থকেরা হুমকি দিচ্ছেন। তাঁরা গোপন ব্যালটে ভোট না নিয়ে প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য সব ভোটারকে চাপ দিচ্ছেন। প্রকাশ্যে এবং দেখিয়ে ভোট না দিলে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।আর মজনু-সারওয়ার পরিষদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সহসভাপতি মো. আশরাফ উদ্দীন, যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ বলেন, ‘প্রতিপক্ষকে কোনো ধরনের ভয়ভীতি বা হুমকি প্রদর্শনের প্রশ্নই আসে না। কারখানার কিছু শ্রমিক ছাড়া সবাই আমাদের প্যানেলের সমর্থক। এ কারণে তাঁরা নিজেরাই ভীত হয়ে নানা মিথ্যা কথা রটাচ্ছে।’ নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভোটার জানান, সারা দেশের ভোটারদের মধ্যে দুই প্যানেলের সমর্থকেরা এখন মুখোমুখি অবস্থানে। সভাপতি প্রার্থী মজিবর রহমান জানান, নির্বাচন যতবার হয়েছে, ততবারই স্থানীয়ভাবে প্রতিপক্ষরা প্রভাব বিস্তার করায় সুষ্ঠু ভোট হয়নি। স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে প্রকাশ্যে ব্যালটে সিল মারতে বাধ্য করা হয়। এবারও তাঁরা একই পথ অনুসরণের চেষ্টা করছেন। আরেক প্যানেলের সভাপতি প্রার্থী মো. জাহাঙ্গীর আলম জানান, ‘আমি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাসী। প্রতিপক্ষ আমার এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। আমি স্থানীয় বিধায় তারা আমার বিরুদ্ধে নানা অপবাদ দিচ্ছে।’নির্বাচন কমি-শনার মো. শফিক আহমেদ বলেন, বাঘাবাড়ী দুগ্ধ কারখানায় প্রকাশ্যে সিল মেরে নেওয়া হতে পারে—এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। ব্যবস্থাপনা কমিটির পরিচালক মো. নজরুল ইসলাম জানান, বাঘাবাড়ীতে ভোট গ্রহণ হবে সুষ্ঠুভাবে। কোনো অপ্রীতিকর ঘটনা সহ্য করা হবে না। নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কমিশন জানায়, ভোটকেন্দ্রগুলো হলো: ঢাকা কেন্দ্র-১ (মিরপুর কারখানায়), ঢাকা কেন্দ্র-২ প্রধান কার্যালয় (তেজগাঁও এলাকা), সিরাজগঞ্জের বাঘাবাড়ী দুগ্ধ কারখানা, শাহজাদপুর পূর্বাঞ্চল কারখানা (পুঠিয়া), উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর কারখানা, পাবনার ভাঙ্গুড়া দুগ্ধ কারখানা, নাটোর দুগ্ধ কারখানা, বগুড়ার গাবতলী দুগ্ধ কারখানা, নওগাঁ দুগ্ধ কারখানা, রংপুর দুগ্ধ কারখানা, মানিকগঞ্জ কেন্দ্র, মাদারীপুরের টেকেরহাট দুগ্ধ কারখানা, জামালপুর দুগ্ধ কারখানা, টাঙ্গাইল দুগ্ধ কারখানা, খুলনা দুগ্ধ কারখানা, মুন্সিগঞ্জের শ্রীনগর দুগ্ধ কারখানা, ভৈরব দুগ্ধ কারখানা, লক্ষ্মীপুরের রায়পুর দুগ্ধ কারখানা ও ফেনীর সোনাগাজী দুগ্ধ কারখানা।