মিল্ক ভিটার নিয়োগ কমিটির কার্যকারিতা স্থগিত, রুল
মিল্ক ভিটা পরিচালনাকারী বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডে নিয়োগ ও পদোন্নতির জন্য গঠিত কমিটির কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে কমিটি গঠনের জন্য জারি করা দাপ্তরিক আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।বিচারপতি নাঈমা হায়দার ও ফরিদ আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বৃহস্পতিবার এক রিট আবেদনের শুনানি নিয়ে এ রুল জারি করেন। রুলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, যুগ্ম সচিব (উত্তর), উপসচিব (প্রশাসন-২), সমবায় অধিদপ্তরের নিবন্ধক, অতিরিক্ত নিবন্ধক ও যুগ্ম নিবন্ধক এবং মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও মহাব্যবস্থাপককে জবাব দিতে বলা হয়েছে। গত ১২ এপ্রিল মিল্ক ভিটায় নিয়োগ ও পদোন্নতির জন্য কমিটি গঠনের দাপ্তরিক আদেশ জারি হয়। আদেশটি সমবায় সমিতি আইন-২০০১-এর অধীন সমবায় বিধিমালা-২০০৯-এর ৪৬(১)(জ)(২) ধারা এবং বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের চাকরিবিধি ও নিয়োগ নীতিমালা-২০০৮-এর পরিপন্থী দাবি করে সরিষাকল দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম রিট আবেদনটি করেন। রিটের পক্ষে শুনানি করেন মো. হাছান আলী।যোগাযোগ করা হলে রোববার মো. হাছান আলী বলেন, আদালত মিল্ক ভিটায় নিয়োগ ও পদোন্নতির জন্য কমিটি গঠনের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন।মিল্ক ভিটা সূত্র জানায়, গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় প্রতিষ্ঠানটিতে বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় ওই সব নিয়োগ বাতিল করা হয় এবং মিল্ক ভিটার নিয়োগ বিধিমালা সংশোধন করে ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের পরিবর্তে মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে নিয়োগ কমিটি করার ব্যবস্থা করা হয়। কিন্তু ২০১০ সালের জানুয়ারিতে মিল্ক ভিটার চাকরিবিধি ও নিয়োগ নীতিমালা-২০০৮ সংশোধন করা হয়। এতে বলা হয়, কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে কমিটির আহ্বায়ক হবেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্ম সচিব। আর সমবায় ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক হবেন সদস্যসচিব। ছয় সদস্যের কমিটিতে আরও থাকবেন সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক, সমবায় ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির দুজন সদস্য এবং মিল্ক ভিটার সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান।কিন্তু গত ১২ এপ্রিল পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব মো. আহসান কবীরের সই করা এক দাপ্তরিক আদেশে দেখা যায়, একই বিভাগের যুগ্ম সচিবকে আহ্বায়ক করে কমিটি করার কথা বলা হয়। এতে নিয়োগ নীতিমালা লঙ্ঘন করে মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানকে যুগ্ম আহ্বায়ক, মিল্ক ভিটার মহাব্যবস্থাপককে সদস্যসচিব করা হয়। সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধককেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আদেশের বিরুদ্ধে রিট করা হলে আদালত তার কার্যকারিতা স্থগিত করেন।