‘দুধের দাম বাড়ানোয় আমাদের কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। তদন্ত কমিটি করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব আমাদের হুমকি দিচ্ছে। আমরা এতে বিচলিত নই। আমরা দুধের দাম বাড়াব। এতে যদি তারা আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, আমাদের কাছেও ব্যবস্থা আছে।’সমবায়ীদের দুধের সম্পূরক মূল্য প্রদান ও সমন্বয় সভায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) সহসভাপতি মো. শফিকুর রহমান এসব কথা বলেন। গতকাল রোববার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাচারীবাড়ি মিলনায়তনে ও উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর দুগ্ধ কারখানায় এ সভা হয়। সভায় মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির নেতারা সমবায়ীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।মিল্ক ভিটা সম্প্রতি প্যাকেটজাত দুধের দাম লিটারে তিন টাকা বাড়িয়ে ৫৮ টাকা করে। আবার আধা লিটারের প্যাকেটের দাম বাড়িয়ে করা হয় ৩২ টাকা। এতে আধা লিটার করে এক লিটার দুধ কিনলে দাম পড়বে ৬৪ টাকা। ২৫০ মিলিলিটারের দাম করা হয়েছে ১৭ টাকা। কোনো ক্রেতা এক লিটার বা আধা লিটারের প্যাকেট না পেয়ে যদি ২৫০ মিলিলিটার করে এক লিটার দুধ কেনেন, তা হলে তাঁকে গুনতে হবে ৬৮ টাকা। সরকারের বর্তমান অবস্থায় এ প্রক্রিয়ায় দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে খোদ মন্ত্রণালয় প্রশ্ন তোলে। দাম বাড়ানোর ক্ষেত্রে মন্ত্রণালয়ের কোনো অনুমোদনও নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। সমবায় মন্ত্রণালয় এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাচারীবাড়ি মিলনায়তনে গতকালের সভায় শফিকুর রহমান আরও বলেন, ‘সরকারের কাছ থেকে মিল্ক ভিটা অর্থ নেয় ঠিকই, তবে তা ফেরত দিয়ে দেওয়া হয়। তাই ঊর্ধ্বতন কর্মকর্তারা একে সরকারি প্রতিষ্ঠান মনে করলে ভুল করবেন। আমরা কারও কাছে মাথা নত করে থাকতে রাজি নই। সমবায়ীদের নিয়ে প্রয়োজনে আমরা আন্দোলন শুরু করব।’ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মিল্ক ভিটার পরিচালক (ক-অঞ্চল) মো. নজরুল ইসলাম, পরিচালক (খ-অঞ্চল) মো. ফারুক হোসেন, সমবায়ীদের মধ্যে খলিলুর রহমান, আবদুস সামাদ প্রমুখ। সভায় স্থানীয় সাংসদ চয়ন ইসলাম ও উপজেলা চেয়ারম্যান হাসিবুর রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও তাঁরা ছিলেন না। দুটি সভাতেই মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসিব খান সভাপতিত্ব করেন। হাসিব খান প্রথম আলোকে জানান, দুধের সম্পূরক মূল্যের বিষয়ে মিল্ক ভিটার বিভিন্ন কারখানায় সমবায়ীদের নিয়ে তিন মাস পর পর সভা আহ্বান করা হয়ে থাকে। চলমান কর্মসূচির অংশ হিসেবেই এ সভা করা হচ্ছে। রাজশাহী ১ ও ২ নম্বর অঞ্চলের মোট ৫০০ প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সদস্যদের মধ্যে সম্পূরক মূল্য হিসেবে দুই কোটি ছয় লাখ টাকা দেওয়া হচ্ছে।