মিল্ক ভিটার রায়পুর কেন্দ্রে আবার দুধ সংগ্রহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে ১১ দিন পর গতকাল শুক্রবার থেকে আবার দুধ সংগ্রহ শুরু হয়েছে। গত ২১ মে স্থানীয় মিল্ক ভিটা কর্তৃপক্ষ হঠাৎ করেই সমবায়ীদের কাছ থেকে দুধ সংগ্রহ করা বন্ধ করে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ওই কেন্দ্রের ব্যবস্থাপক আশরাফুজ্জামানসহ চারজনকে বদলি করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার মিতালী বাজারের ওই কেন্দ্রে দৈনিক সাড়ে তিন থেকে চার হাজার লিটার দুধ আসে। প্রায় এক হাজার ২০০ সমবায়ী এই দুধের জোগান দিয়ে থাকেন। এখান থেকে তা ঠান্ডা করে ঢাকায় পাঠানো হয়। গত ১৬ ও ১৯ মে রায়পুর থেকে পাঠানো দুধ ঢাকায় পরীক্ষা করে তাতে সমস্যা পাওয়া যায়। এ জন্য মিল্ক ভিটার প্রধান কার্যালয় কেন্দ্রটি থেকে ঢাকায় দুধ সরবরাহ বন্ধের নির্দেশ দেয়। হাজীমারা খেয়াঘাট সমবায় সমিতির সভাপতি মালেক গাজী বলেন, কর্তৃপক্ষ কোনো নোটিশ না দিয়ে হঠাৎ দুধ নেওয়া বন্ধ করায় সমবায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তাঁদের কথা বিবেচনা করে সরকারের শীর্ষ পর্যায় থেকে সমবায়ীদের কাছ থেকে দুধ সংগ্রহ ও তা ঢাকায় পাঠানোর নির্দেশ দেওয়া হলে গতকাল থেকে এ কার্যক্রম আবার শুরু হয়েছে। কেন্দ্রের ব্যবস্থাপক আশরাফুজ্জামান কার্যক্রম আবার শুরুর কথা নিশ্চিত করেছেন। এর আগে কয়েকজন সমবায়ী জানান, রায়পুর থেকে পাঠানো দুধ ঢাকায় খালাস করতে পাঁচ-ছয় ঘণ্টা সময় লাগে। এতে দুধে সমস্যা হতেই পারে। কিন্তু এর জন্য তাঁরা ভুক্তভোগী হতে পারেন না। উল্লেখ্য, ২৯ মে এ নিয়ে প্রথম আলোতে ‘মিল্ক ভিটার রায়পুর কেন্দ্রে দুধ নেওয়া বন্ধ আট দিন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।