মিল্ক ভিটার রায়পুর কেন্দ্রে দুধ নেওয়া বন্ধ ৮ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মিতালী বাজারে মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে আট দিন ধরে সমবায়ীদের কাছ থেকে দুধ নেওয়া বন্ধ রয়েছে। গত ২১ মে মিল্ক ভিটা কর্তৃপক্ষ হঠাৎ ভেজালের কথা বলে দুধ নেওয়া বন্ধ করে দেয়। এতে সহস্রাধিক সমবায়ী তাঁদের উৎপাদিত দুধ নিয়ে বেকায়দায় পড়েছেন। মিল্ক ভিটার রায়পুর কার্যালয় সূত্রে জানা গেছে, মিতালী বাজারে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে দৈনিক সাড়ে তিন থেকে চার হাজার লিটার দুধ আসে। প্রায় এক হাজার ২০০ সমবায়ী এ দুধ সরবরাহ করেন। এই দুধ শীতল করে ঢাকায় পাঠানো হয়। হাজীমারা খেয়াঘাট সমবায় সমিতির সভাপতি মালেক গাজী বলেন, মিল্ক ভিটা কর্তৃপক্ষ কোনো নোটিশ না দিয়ে হঠাৎ দুধ নেওয়া বন্ধ করে দেয়। আট দিন ধরে সমবায়ীদের উৎপাদিত প্রচুর দুধ নষ্ট হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষের খামখেয়ালির কারণে সমবায়ীদের বিপুল অঙ্কের অর্থ লোকসান হচ্ছে। মিল্ক ভিটার রায়পুর কার্যালয়ের ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আশরাফুজ্জামান বলেন, ‘চলতি মাসের ১৬ ও ১৯ মে রায়পুর থেকে পাঠানো দুধ ঢাকায় পরীক্ষা করে ভেজাল পাওয়া গেছে। এ জন্য মিল্ক ভিটার প্রধান কার্যালয় থেকে রায়পুর কেন্দ্রের দুধ নেওয়া বন্ধ রাখার নির্দেশ দেয়। সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখতে ঢাকা থেকে একটি তদন্ত দল গত রোববার মিতালী বাজারে এসেছে। গতকাল সোমবার আমাকে ঢাকায় তলব করা হয়। কিছুদিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে।’