মিল্ক ভিটার শীতলীকরণ কেন্দ্র দুই মাসেও মেরামত হয়নি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মিল্ক ভিটার শীতলীকরণ কেন্দ্রটি দুই মাসেও মেরামত করা হয়নি। এ কারণে এই সময়ের মধ্যে খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করা হয়নি। এতে শতাধিক খামারি দুধ নিয়ে চরম বিপাকে পড়েন। স্থানীয় বাজারে কম দামে তাঁদের দুধ বিক্রি করতে হচ্ছে। গুনতে হচ্ছে লোকসান।
গত ৪ আগস্ট শীতলীকরণ যন্ত্রটি নতুন ভবনে স্থানান্তর করা হলেও তা চালু করা যায়নি। কেন্দ্রটি নতুন ভবনে স্থানান্তর করার জন্য ২০ জুলাই সমবায়ী খামারিদের কাছ থেকে কর্তৃপক্ষ দুধ নেওয়া বন্ধ করে দেয়।
কয়েকজন খামারি প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে মিল্ক ভিটা কর্তৃপক্ষ আন্তরিক নয়। তাদের অবহেলার কারণে পাঁচ-ছয় দিনের কাজ দুই মাসেও হয়নি। তাঁরা এ-ও বলেন, জরুরি ভিত্তিতে দুধ সংগ্রহ শুরু করা না হলে তাঁরা আন্দোলনে নামবেন।
দক্ষিণ গন্ডামারা সমিতির সভাপতি মো. সোহাগ বলেন, খামারিরা দুধ নিয়ে চরম বেকায়দায় আছেন। বাজারে কম দামে দুধ বিক্রি করতে হচ্ছে। এতে সবাই লোকসান গুনছেন। কেন্দ্রটি মেরামত করে দুধ সংগ্রহ শুরু করতে আর কত দিন লাগবে, তা কারও জানা নেই।
মিল্ক ভিটার রায়পুর কারখানা সূত্রে জানা গেছে, সমবায়ীদের কাছ থেকে দুধ ক্রয় করে রায়পুরের মিতালী বাজারের কারখানায় শীতলীকরণ করে মিল্ক ভিটার ঢাকার মিরপুরে প্রধান কারখানায় পাঠানো হয়। ২৫টি সমিতির শতাধিক খামারি এ কারখানায় দুধ দেন। প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার লিটার দুধ পাওয়া যায়। এ কেন্দ্রে দুধের ধারণক্ষমতা রয়েছে পাঁচ হাজার লিটার।
মিল্ক ভিটার রায়পুর কারখানার ব্যবস্থাপক আক্তার হোসেন বলেন, শীতলীকরণ যন্ত্রটি নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। আরও কিছু কাজ বাকি আছে। আশা করি, শিগগিরই দুধ সংগ্রহ শুরু করা যাবে।