মিল্ক ভিটার শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
টানা পাঁচ দিন অবস্থান ধর্মঘটের পর গতকাল রোববার বিকেলে মিল্ক ভিটার ছাঁটাই হওয়া শ্রমিকেরা অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেছেন। ধর্মঘট প্রত্যাহারের পর বিকেল চারটার দিকে প্রধান ফটক খুলে দেওয়া হয়। এর পর থেকেই ঢাকায় দুধ পাঠানো শুরু হয়েছে।
ছাঁটাই হওয়া ৭০ জন শ্রমিক তাঁদের চাকরি ফিরে পাওয়ার জন্য গত বুধবার থেকে মিল্ক ভিটার প্রধান ফটকের সামনে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট শুরু করেছিলেন।
আন্দোলনকারী ছাঁটাই হওয়া শ্রমিক রবিউল ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান এবং স্থানীয় সাংসদ হাসিবুর রহমানের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমদের মাধ্যমে মুঠোফোনে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের চাকরি ফিরে পাওয়ার বিষয়ে তাঁরা ইতিবাচক কথা দিয়েছেন। এ কারণে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।’
শাহজাদপুর উপজেলার ইউএনও শামীম আহমদ জানান, শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার পর মিল্ক ভিটায় স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। দুধ সংগ্রহ এবং দুধ ঢাকায় পাঠানো শুরু হয়েছে।
বাঘাবাড়ী মিল্ক ভিটার কারখানা ব্যবস্থাপক ইদ্রিস আলী জানান, ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার পর গতকাল বিকেলে সাত গাড়ি (লরি) দুধ ঢাকায় পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অপরদিকে গতকাল বিকেলে উপজেলার পোতাজিয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে মিল্ক ভিটার আওতাধীন শতাধিক প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি ও সদস্যরা মতবিনিময় সভা করেন। সভায় সমবায়ীরা বলেন, শ্রমিক ধর্মঘটের কারণে পাঁচ দিন মিল্ক ভিটা সকালবেলার দুধ সংগ্রহ করেনি। এতে প্রতিদিন ৯০ হাজার লিটার দুধ সমবায়ীরা লিটারপ্রতি ২০ টাকা কম দামে বাইরে বিক্রি করতে বাধ্য হয়েছেন। এ কারণে তাঁদের পাঁচ দিনে প্রায় এক কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। বক্তারা আরও বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি, মিল্ক ভিটার প্রশাসনিক দুর্নীতি ও কারখানার আধুনিকায়ন না করায় কারখানার উৎপাদনক্ষমতা অর্ধেকে নেমে এসেছে। ফলে সমবায়ীরা উৎপাদিত দুধ কম দামে বাইরে বিক্রি করছেন।
রেশমবাড়ী পূর্বপাড়া প্রাথমিক দুগ্ধ সমবায় সমিতির সভাপতি আবদুল মান্নান ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শহীদ আলী প্রমুখ।