চাকরিতে পুনর্বহালের দাবিতে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে মিল্ক ভিটা কারখানার মূল ফটকের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছেন ছাঁটাইকৃত শ্রমিক-কর্মচারীরা। গত বুধবার বিকেল থেকে ৭০ জন শ্রমিক-কর্মচারী অনির্দিষ্টকালের ওই কর্মসূচি শুরু করেন। এ কারণে কারখানা থেকে ঢাকায় দুধ সরবরাহ বন্ধ রয়েছে।
আন্দোলনরত শ্রমিক-কর্মচারী ও মিল্ক ভিটা সূত্রে জানা গেছে, মিল্ক ভিটার মূল ফটকের সামনে আন্দোলনরত সাবেক শ্রমিক-কর্মচারীরা অবস্থান নিয়েছেন। ফলে মিল্ক ভিটা কারখানার মধ্যে কোনো যানবাহন ঢুকতে পারছে না। গতাকাল বৃহস্পতিবার ঢাকা থেকে দুধ নিতে আসা চারটি ট্যাংকলরি ফটকের সামনে আটকা পড়ে। এতে ঢাকায় দুধ সরবরাহ বন্ধ রয়েছে।
আন্দোলনকারী শাহাদৎ হোসেন, আবদুল কাদের সিদ্দিকী ও শাহ আলম বলেন, ‘বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অতিরিক্ত জনবল দেখিয়ে ৪৭৩ জন শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করা হয়। এর সিংহভাগ শ্রমিক-কর্মচারীকে বিভিন্ন সময় চাকরিতে পুনর্বহাল করা হয়। বাকি ৭০ জনের চাকরি পুনর্বহালের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়। কিন্তু মিল্ক ভিটার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আমাদের পুনর্বহাল করছেন না। আমরা একাধিকবার আন্দোলন-সংগ্রাম করার পর তারা দ্রুত পুনর্বহাল করবে—এই মর্মে কথা দিলেও তা বাস্তবায়ন হয়নি। এ কারণে আমরা ব্যবস্থাপনা পরিচালকের অপসারণের দাবি করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট অব্যাহত থাকবে।’
বাঘাবাড়ী কারখানার ব্যবস্থাপক মো. ইদ্রিস আলী বলেন, ধর্মঘট শুরু হওয়ায় ঢাকায় দুধ পাঠানো যাচ্ছে না। বর্তমানে কারখানায় দুধ মজুতের জায়গা নেই। ধর্মঘট অব্যাহত থাকলে কাল (আজ শুক্রবার) থেকে খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ বন্ধ রাখতে হবে।
এ ব্যাপারে কথা বলতে মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মান্নান হাওলাদারের মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি।
জানতে চাইলে মিল্ক ভিটার পরিচালনা কমিটির সহসভাপতি শফিকুর রহমান বলেন, ‘শ্রমিক-কর্মচারীদের বিষয়টি স্থানীয় সরকারমন্ত্রী মহোদয়কে জানানো হয়েছে। তিনিও পুনর্বহালের জন্য ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) নির্দেশ দিয়েছেন। কিন্তু এমডি অনুমোদন না দেওয়ায় শ্রমিকেরা আন্দোলন শুরু করেছেন। এ বিষয়ে আমি সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।’