মিল্ক ভিটার ৪০ হাজার লিটার দুধ নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্ক ভিটার) সংগৃহীত প্রায় ৪০ হাজার লিটার দুধ নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষের ভাষ্য, অতি গরম আবহাওয়া ও হরতালের কারণে সময়মতো পরিবহন করতে না পারায় দুধ নষ্ট হয়েছে। টক হয়ে যাওয়া এই দুধ থেকে ননি তুলে জলীয় অংশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।এ বিষয়ে বাঘাবাড়ী দুগ্ধ কারখানার ব্যবস্থাপক ইদ্রিস আলী জানান, এখন দুধের উৎপাদন বেশি। এর ওপর হরতালের কারণে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দুধ সংগ্রহ বন্ধ থাকায় মিল্ক ভিটার ওপর চাপ বেশি পড়েছে। এ কারণে দুধ সংগ্রহে সময় বেশি লেগেছে। প্রতিদিন বাঘাবাড়ী থেকে ঢাকায় এক লাখ লিটার দুধ সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু হরতালের কারণে গত দুই দিনে মাত্র ৭৩ হাজার লিটার দুধ রাতের বেলায় পাঠানো হয়েছে। এখনো প্রায় দুই লাখ লিটার দুধ মজুদ রয়েছে।