মিল্ক ভিটার ৫০ ক্রয়কেন্দ্র বন্ধ দুই মাস

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্ক ভিটা) বগুড়ার ৫০টি সংগ্রহ কেন্দ্র থেকে দুই মাস ধরে দুধ কেনা বন্ধ থাকায় প্রায় তিন হাজার খামারি চরম বিপাকে পড়েছেন। সকাল-বিকেল সংগ্রহ কেন্দ্রে দুধ দিতে গিয়ে ফিরে আসছেন খামারিরা।
মিল্ক ভিটার দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্য হওয়ায় অন্য প্রতিষ্ঠানগুলোও এসব খামারির কাছ থেকে দুধ কিনছেন না। বাধ্য হয়ে খামারিরা এখন পানির দরে দুধ বিক্রি করছেন। দুধের দাম না পেয়ে অনেকেই খামারের গাভি বিক্রি করে দিচ্ছেন।
জানতে চাইলে মিল্ক ভিটার চেয়ারম্যান হাসিব খান (তরুণ) প্রথম আলোকে জানান, অবরোধ-হরতালে মিল্ক ভিটার পণ্য উৎপাদন ও বাজারজাত কার্যক্রম বন্ধ থাকায় খামারিদের কাছ থেকে দুধ কেনা সাময়িক বন্ধ রয়েছে। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে খামারিদের কাছ থেকে সরাসরি দুধ কেনা হবে।
গত মঙ্গলবার সকালে গাবতলী ও সদর উপজেলার কয়েকটি সংগ্রহ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, খামারিরা দুধ নিয়ে এলেও হতাশ হয়ে ফিরছেন। সকাল সাড়ে সাতটার দিকে গাবতলীর আকন্দপাড়া গ্রামের ঘোষপাড়ায় দেখা গেছে, সাতসকালে খামারের বালতি ভর্তি দুধ নিয়ে মিল্ক ভিটার সংগ্রহ কেন্দ্রে দলে দলে আসছেন গৃহবধূরা। সকাল আটটার মধ্যে সংগ্রহ কেন্দ্রে দুধ নিয়ে হাজির হন শতাধিক নারী ও পুরুষ খামারি। কিন্ত ক্রেতা নেই।
আকন্দপাড়া দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির ব্যবস্থাপক দিবাকর ঘোষকে বারবার মুঠোফোনে মিল্ক ভিটার গাবতলী শীতলীকরণ কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে দেখা গেল। ওই প্রান্ত থেকে দুধ কেনার সাড়া না পেয়ে এক সময় হতাশ হয়ে মুঠোফোন ছাড়েন দিবাকর ঘোষ। তিনি জানান, মিল্ক ভিটার এ সমবায় সমিতির সদস্যভুক্ত প্রায় ১০০ খামারির ১ হাজার ২০০ গাভি রয়েছে। তাঁদের কাছ থেকে সকাল-বিকেল গড়ে প্রতিদিন ৮০০ থেকে ১ হাজার লিটার দুধ সংগ্রহ করত মিল্ক ভিটা। অবশিষ্ট ৩০০ থেকে ৪০০ লিটার দুধ খামার থেকে কিনতেন পাইকারেরা। মিল্ক ভিটার কাছ থেকে খামারিরা দুধের দাম পেতেন গড়ে ৪০ থেকে ৪২ টাকা লিটার। অথচ হরতাল-অবরোধের অজুহাতে দুই মাস ধরে মিল্ক ভিটা দুধ কিনছে না। প্রাণ ও আড়ংয়ের মতো প্রতিষ্ঠানগুলোও মিল্ক ভিটার কোনো সমবায়ীর কাছ থেকে দুধ কিনতে চাচ্ছে না। কিনলেও ১৫ থেকে ২০ টাকা লিটারের বেশি দাম দিতে চাচ্ছে না। বাধ্য হয়ে অন্য প্রতিষ্ঠানের সংগ্রহ কেন্দ্রগুলো থেকে নিষ্ফল হয়ে ফিরতে হচ্ছে।
সমিতির সভাপতি পরিতোষ ঘোষ বলেন, দুগ্ধ খামারের দুধ বিক্রির টাকায় সংসার চলে এখানকার শতাধিক পরিবারের। কিন্তু দুই মাস ধরে খামারের দুধ নিয়ে চরম বিপাকে পড়েছেন খামারিরা। খামারিরা খামার ফেলে গ্রাম-শহর, পাড়া-মহল্লা ঘুরে ফেরি করে ২০ থেকে ২৫ টাকা লিটার দরে দুধ বিক্রি করছেন। অথচ প্রতি লিটার দুধের উৎপাদনে খরচ পড়ে গড়ে ৩০ টাকা। লোকসানের মুখে অনেকেই খামারের গরু বিক্রি করে দিচ্ছেন। বন্ধ হয়ে যাচ্ছে অনেক খামার।
এ ব্যাপারে জানতে চাইলে মিল্ক ভিটার গাবতলী শীতলীকরণ কেন্দ্রের ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র অধিকারী বলেন, এ কেন্দ্রের অধীনে ৫০টি সমিতির ২ হাজার ৭২৫ জন খামারির কাছ থেকে প্রতিদিন সাড়ে পাঁচ হাজার লিটার দুধ সংগ্রহ করা হতো। কিন্তু হরতাল-অবরোধের কারণে বর্তমানে মিল্ক ভিটা দুধ কিনছে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পেলে আবার দুধ কেনা শুরু করা হবে।