মিল্ক ভিটায় দুধ সংগ্রহে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন মিল্ক ভিটার সিরাজগঞ্জের বাঘাবাড়ী কারখানা কর্তৃপক্ষ গতকাল শনিবার সকালেও দুধ সংগ্রহ বন্ধ রেখেছে। চলতি সপ্তাহে তিন দিন এক বেলায় দুধ সংগ্রহ না করায় খামার মালিকেরা বিপাকে পড়েছেন। তাঁরা বাধ্য হয়ে কম মূল্যে দুধ বিক্রি করছেন।
মিল্ক ভিটা কর্তৃপক্ষ ও খামার মালিকেরা জানান, সাধারণত প্রতিদিন সকালে ও বিকেলে দুই বেলায় কারখানায় দুধ সংগ্রহ করা হয়। গতকাল শনিবার ছাড়াও ২০ ও ২২ এপ্রিল সকালে কারখানায় দুধ সংগ্রহ বন্ধ রাখা হয়। এ কারণে খামার মালিকেরা তাঁদের উৎপাদিত দুধ নিয়ে বিপাকে পড়েছেন।
খামার মালিক আবদুস সামাদ বলেন, প্রতিদিন সকালে বাঘাবাড়ী কারখানায় বিভিন্ন খামার মালিক ও সমিতিভুক্তদের এক লাখ ৫০ হাজার লিটার দুধ আসে। এই দুধ কারখানা না গ্রহণ করলে কোথাও বিক্রি করা যায় না। অল্প দামে অল্প পরিমাণ বিক্রি করা গেলেও বেশির ভাগ দুধ অবিক্রীত থেকে যাচ্ছে। ফলে খামার মালিকেরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মিল্ক ভিটা কর্মকর্তাদের সিদ্ধান্তহীনতার কারণে এ অবস্থার সৃষ্টি হচ্ছে।
মিল্ক ভিটার বাঘাবাড়ী কারখানা ব্যবস্থাপক ইদ্রিস আলী বলেন, ঢাকায় দুধের বাজার ভালো না। তা ছাড়া অতিরিক্ত গরমের কারণে কারখানায় মুজত রাখা যাচ্ছে না। এ কারণে বাধ্য হয়ে দুধ সংগ্রহ এক বেলা বন্ধ রাখা হচ্ছে। তবে শিগগির এই সমস্যার সমাধান হবে।