দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটার বিপণন ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার মণ্ডলকে বরখাস্ত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ডিজিটাল মাল্টিপারপাস সমবায় সমিতির পরিবেশক আনিসুর রহমান এ বিপণন ব্যবস্থাপকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন। পরে সভায় এ কর্মকর্তার উপস্থিতিতেই তাঁকে বরখাস্ত করা হয়। মিল্ক ভিটার বিপণন ব্যবস্থা জোরদার এবং এর কার্যক্রমকে গতিশীল করতে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মিল্ক ভিটার অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করে অসন্তোষ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী সংস্থাটির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এর কর্তৃপক্ষকে নির্দেশ দেন।সভায় প্রতিমন্ত্রী প্রায় ২১ কোটি টাকায় জোট সরকারের সময় কেনা বিশুদ্ধ পানি (মিনারেল ওয়াটার) প্লান্ট মেশিনটির ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।প্রতিমন্ত্রী সভায় মিল্কভিটার বিভিন্ন ব্যয়ের হিসাব এ সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোরও নির্দেশ দেন।পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রোকেয়া সুলতানা, সমবায় অধিদপ্তরের নিবন্ধক সুরাইয়া রহমান ও মিল্ক ভিটার চেয়ারম্যান অহিদ উল্যাহ মোল্লাহসহ সংশ্লিষ্টরা এ সভায় উপস্থিত ছিলেন।