মিল্কভিটার ভাইস চেয়ারম্যানসহ ৭ জনকে অব্যাহতি দিয়েছে দুদক
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির (মিল্ক ভিটা) ভাইস চেয়ারম্যান শফিকুর রহমানসহ সাতজনকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মিল্ক ভিটায় ৫০০ অস্থায়ী শ্রমিককে তালিকাভুক্তির নামে টাকা নেওয়ার অভিযোগ নথিভুক্তির মাধ্যমে এই সাতজনকে অব্যাহতি দিয়েছে দুদক। দুদকের উচ্চপর্যায়ের একাধিক সূত্র গতকাল রোববার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।
দুদকের সূত্র জানায়, গত বছরের জুনে অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। দুদকে আসা অভিযোগে উল্লেখ রয়েছে, ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত যাঁরা মিল্ক ভিটায় অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করেছেন, তাঁদের নাম তালিকাভুক্ত করার জন্য মন্ত্রণালয় এবং সমবায় অধিদপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। সে লক্ষ্যে ২০১৩ সালের আগস্ট মাসে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান শফিকুর রহমানকে প্রধান করে সাত সদস্যের নিয়োগ কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্ব নির্ধারিত ছিল ব্যবস্থাপনা পরিচালকের কাছে সুপারিশ করা। ব্যবস্থাপনা পরিচালকই নিয়োগ কমিটির সুপারিশ যাচাই-বাছাই করে শ্রমিকদের তালিকাভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কিন্তু নিয়োগ কমিটি ব্যবস্থাপনা পরিচালকের কাছে তালিকা পাঠিয়েই ওই বছরের ১৭ এপ্রিল ৫০০ শ্রমিকের নাম চূড়ান্ত করে। শ্রমিকদের মধ্য থেকে অভিযোগ ওঠে, তালিকাভুক্ত করতে ঘুষ হিসেবে প্রত্যেক শ্রমিকের কাছ থেকে ১ থেকে ৩ লাখ টাকা চাওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় ঘুষ এবং অনিয়মের অভিযোগ তুলে ২০১৪ সালের ১৮ এপ্রিল মিল্ক ভিটার শ্রমিকেরা সংস্থার প্রধান কার্যালয় এবং মিরপুর দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিক্ষোভ করেন।
শ্রমিকেরা দুদকে অভিযোগ করেন, ৫০০ শ্রমিকের মধ্যে অন্তত ১৫০ জন শ্রমিক আছেন, যাঁরা ২০০৮ সালের পর মিল্ক ভিটায় কাজ শুরু করেছেন। আবার এঁদের অনেকে আছেন, যাঁরা কোনো দিন মিল্ক ভিটায় কাজই করেননি।
অভিযোগটি অনুসন্ধান করেন দুদকের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম। তাঁর প্রতিবেদনের ভিত্তিতে শফিকুর রহমানসহ সাতজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।