মিল্কি হত্যা মামলা সম্পূরক অভিযোগপত্রেও বাদীর নারাজি
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র গ্রহণ-বিষয়ক শুনানির জন্য ১৪ মার্চ তারিখ ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার বাদীপক্ষ থেকে এই সম্পূরক অভিযোগপত্রের বিষয়ে নারাজি আবেদনের জন্য সময় চেয়ে আবেদন করা হয়।
এর পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নুর নারাজি আবেদন ও অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির জন্য নতুন এই তারিখ ধার্য করেন।
২০১৪ সালের ১৫ এপ্রিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তদন্ত করে ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ৯ জুন অভিযোগপত্র প্রত্যাখ্যান করে বাদীপক্ষ নারাজি আবেদন করে। ওই বছরের ১৭ জুন আদালত অধিকতর তদন্তের আদেশ দেন। এরপর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত বছরের ২৩ সেপ্টেম্বর সম্পূরক অভিযোগপত্র দেয়। পাশাপাশি বাদীর উপস্থিতিতে অভিযোগপত্র গ্রহণবিষয়ক শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল।
আদালত সূত্র জানায়, সিআইডি অধিকতর তদন্ত শেষে আগের অভিযোগপত্রের ১১ জনসহ নতুন সাতজনকে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়েছে। নয়জনকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়।
অভিযোগপত্রে থাকা আসামিরা হলেন সাখাওয়াত হোসেন ওরফে চঞ্চল, আমিনুল ইসলাম ওরফে হাবিব, সোহেল মাহমুদ ওরফে সোহেল ভূঁইয়া, চুন্নু মিয়া, আরিফ হোসেন, সাহিদুল ইসলাম, ইব্রাহিম খলিল উল্লাহ, জাহাঙ্গীর মণ্ডল, ফাহিমা ইসলাম লোপা, রফিকুল ইসলাম চৌধুরী, শরীফ উদ্দিন চৌধুরী ওরফে পাপ্পু, তুহিন রহমান ওরফে ফাহিম, সৈয়দ মুজতবা আলী, মোহাম্মদ রাশেদ মাহমুদ, সাইদুল ইসলাম, সুজন হাওলাদার, দেওয়ান মো. ফরিদউল্লাহ ওরফে পাপ্পু ও মামুন উর রশীদ।
এঁদের মধ্যে সাখাওয়াত হোসেন, আরিফ হোসেন, ইব্রাহিম খলিল উল্লাহ ও রফিকুল ইসলাম চৌধুরী পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।
২০১৩ সালের ২৯ জুলাই রাতে গুলশানে শপার্স ওয়ার্ল্ড নামে একটি বিপণিবিতানের সামনে রিয়াজুল হক খানকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই রাশেদুল হক খান বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।