মিল্কি হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াজুল হক খান মিল্কি
রিয়াজুল হক খান মিল্কি

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে এ মামলায় পলাতক ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ আদেশ দেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ফরিদ মিয়া প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেন। পলাতক আসামিদের গ্রেপ্তার করা গেল কি না, সে সংক্রান্ত তামিল প্রতিবেদন আগামী ২৫ এপ্রিল জমা দিতে বলা হয়েছে।
যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ​হয়েছে তারা হলেন যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন চঞ্চল, মো. আরিফ ওরফে আরিফ হোসেন, মো. ইব্রাহিম খলিলুল্লাহ, রফিকুল ইসলাম চৌধুরী, মো. শরীফ উদ্দিন চৌধুরী ওরফে পাপ্পু ও ফাহিমা ইসলাম লোপা।

২০১৩ সালের ২৯ জুলাই রাতে গুলশানে শপার্সওয়ার্ল্ড নামে একটি বিপণিবিতানের সামনে মিল্কিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মিল্কির ভাই রাশেদুল হক খান বাদী হয়ে গুলশান থানায় এ মামলা করেন।

২০১৪ সালের ১৫ এপ্রিল র‍্যাব তদন্ত করে ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ৯ জুন অভিযোগপত্র প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করা হয়। ১৭ জুন আদালত অধিকতর তদন্তের আদেশ দেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত বছরের ২৩ সেপ্টেম্বর অধিকতর তদন্ত শেষে সম্পূরক অভিযোগপত্র দেয়। সেখানে আগের অভিযোগপত্রের ১১ জনসহ নতুন ৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়। আর ৯ জনকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়।
গত ২ ফেব্রুয়ারি বাদীর উপস্থিতিতে অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে ওই দিন সিআইডির সম্পূরক অভিযোগপত্রের ওপর নারাজি দেবেন বলে বাদীপক্ষে সময় আবেদন করলে আদালত ১৪ মার্চ (আজ) পরবর্তী তারিখ ধার্য করেন। আদালতের সাধারণ নিবন্ধন কার্যালয়ের (বনানী) কনস্টেবল আশরাফ উদ্দিন বলেন, তবে আজ বাদী উপস্থিত হয়ে এ অভিযোগপত্র গ্রহণের বিষয়ে কোনো আপত্তি নেই বলে জানালে আদালত তা গ্রহণ করেন।