ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় পুলিশের দেওয়া সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে পলাতক ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাঁরা হলেন যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন (চঞ্চল), আরিফ হোসেন, মো. ইব্রাহিম খলিলুল্লাহ, রফিকুল ইসলাম চৌধুরী, মো. শরীফ উদ্দিন চৌধুরী ও ফাহিমা ইসলাম (লোপা)।
গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন। আগামী ২৫ এপ্রিল পলাতক আসামিদের গ্রেপ্তার করা গেল কি না, সে বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আদালতের নির্দেশে অধিকতর তদন্ত শেষে গত বছরের ২৩ সেপ্টেম্বর ১৮ জনকে আসামি করে এ মামলায় আদালতে সম্পূরক অভিযোগপত্র দেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস। এর আগে ২০১৪ সালের ১৫ এপ্রিল ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল পুলিশ। পরে বাদী নারাজির আবেদনের পরিপ্রক্ষিতে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন।
২০১৩ সালের ২৯ জুলাই রাতে গুলশানে শপার্স ওয়ার্ল্ড নামে একটি বিপণিবিতানের সামনে যুবলীগের নেতা রিয়াজুল হক খানকে গুলি করে হত্যা করা হয়।